প্রতিবাদে কোর্ট ছাড়ল বিমানবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে না খেলেই কোর্ট ছেড়েছে বাংলাদেশ বিমানবাহিনী। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে কাল স্বাধীনতা দিবস কাবাডিতে পুলিশের সঙ্গে খেলা ছিল বিমানবাহিনীর। ম্যাচের ৯ মিনিটে রেফারির একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিমানবাহিনী। দলটির খেলোয়াড় মোহাম্মদ শরীফুল বললেন কারণটা, ‘আমরা রেফারিকে বলেছিলাম রিভিউ নিতে। ওই সিদ্ধান্তটা রিভিউতে যা আসে, আমরা মেনে নিতাম। কিন্তু রেফারিরা রিভিউ নেননি। এর আগে আমাদের রেইডার টাচলাইন ছুঁলেও পয়েন্ট দেয়নি। তাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মাঠ ছেড়ে আসি।’ পরপর বাইলজ অনুসারে ১০ মিনিট অপেক্ষা করে পুলিশকে ৭-২ পয়েন্টে জয়ী ঘোষণা করেন রেফারি।
টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও সেনাবাহিনী। কাল সেনাবাহিনী ১০৬-৩২ পয়েন্টে দিনাজপুরকে, নৌবাহিনী ৪৯-২৪ পয়েন্টে বরিশালকে, জেল দল ৪৮-১১ পয়েন্টে ফায়ার সার্ভিসকে হারিয়েছে। জেল ও বিজিবির পয়েন্ট সমান ৫ হওয়ায় স্কোরে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সেমিতে উঠেছে বিজিবি।