প্রতিবাদে খেললই না রেসিং সান্তাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন পরিশোধের দাবিতে খেলা শুরুর পর এভাবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন রেসিং সান্তাদারের খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স
বেতন পরিশোধের দাবিতে খেলা শুরুর পর এভাবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন রেসিং সান্তাদারের খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স

প্রথম লেগের খেলায় রেসিং সান্তাদারকে ৩-১ গোলে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল রিয়াল সোসিয়েদাদ। দ্বিতীয় লেগের খেলায় ড্র করলেও শেষ চারের লড়াই নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু ৯০ মিনিট খেলতেই হলো না সোসিয়েদাদকে। বকেয়া বেতন পরিশোধ ও ক্লাবের প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে খেলাই বর্জন করলেন সান্তাদারের খেলোয়াড়েরা। নির্ধারিত সময়ে মাঠে নামলেও বল দখলের লড়াই যে করবেন না, সেটা শুরুতে বুঝিয়ে দিয়েছিলেন তাঁরা। রেফারিও ব্যাপারটা আঁচ করতে পেরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। ফলে দ্বিতীয় লেগে না খেলেই সেমিফাইনালে চলে গেছে সোসিয়েদাদ। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
গত বছরের সেপ্টেম্বর থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছিলেন না সান্তাদারের ফুটবলাররা। খেলা বর্জন করার ঘোষণাটাও আগেই দিয়ে রেখেছিলেন। তবে গতকাল খেলা শুরুর আগ পর্যন্তও বোঝা যায়নি যে তাঁরা এই ম্যাচটা এভাবে বর্জন করার পরিকল্পনা করেছেন। নিজেদের মাঠে খেলা শুরুর আগে সব ধরনের প্রস্তুতিই নিয়েছিলেন সান্তাদারের খেলোয়াড়েরা। কিন্তু খেলা শুরুর পরপরই দেখা গেল, সবাই এক জায়গায় নিশ্চল দাঁড়িয়ে আছেন। সোসিয়েদাদের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কিছুক্ষণ বল আদান-প্রদানের পর সেটা পাঠিয়ে দিয়েছিলেন সীমানার বাইরে। এ সময় সান্তাদারের অতিরিক্ত খেলোয়াড়, কোচ-কর্মকর্তারাও খেলা বর্জনের প্রতি তাঁদের একাত্মতা জানিয়ে দাঁড়িয়ে ছিলেন সাইডলাইনে। পরিস্থিতি বুঝতে পেরে দুই মিনিট পরেই ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করেছেন রেফারি।— বিবিসি অনলাইন