প্রতিবেশীদের সাহায্য চায় আফগানিস্তান
বিশ্বকাপে যাওয়ার স্বপ্নপূরণ হয়েছে। এখন চ্যালেঞ্জ ক্রিকেটের বিশ্বমঞ্চে একটা ছাপ রাখার। আর সেটির রসদ সংগ্রহের জন্য প্রতিবেশী ক্রিকেট শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে আফগানরা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কাছে খুব যে বেশি কিছু চায় আফগানিস্তান, এমন নয়। তাদের চাওয়া সামান্যই। দলগুলো যেন তাদের সঙ্গে কিছু ম্যাচ খেলে প্রস্তুতিতে সাহায্য করে।
২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে খেলতে হবে অস্ট্রেলিয়ার দ্রুতগতির ও নিউজিল্যান্ডের সিমিং উইকেটে। বড় দলগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। এ কারণেই দলটির পাকিস্তানি কোচ কবির খান বিশ্বকাপের আগে খেলতে চান টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে, ‘বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমি পূর্ণ সদস্যদেশগুলোর সঙ্গে বেশি ম্যাচ খেলতে চাই। আশা করছি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো আমাদের সঙ্গে কিছু ম্যাচ খেলবে ও আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্টের প্রস্তুতিতে সাহায্য করবে।’ এএফপি।