প্রতিভা অন্বেষণ নাকি প্রহসন!
জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টটা আসলে প্রতিভা অন্বেষণের জায়গা। কিন্তু টুর্নামেন্টটির চট্টগ্রাম বিভাগীয় পর্ব শুরু ও শেষ হলো গতকাল এক দিনেই। একেকটি দলকে এক দিনে খেলতে হয়েছে দু-তিনটি ম্যাচ। চট্টগ্রাম বিভাগের পাঁচটি স্কুল দলের অংশগ্রহণে গতকাল সকালে এমএ আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়। বিকেল পাঁচটায় শেষ হওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম জেলার কাটিরহাট উচ্চবিদ্যালয়। তারা ১-০ গোলে হারায় পেকুয়া জিএমসি ইনস্টিটিউটকে। চ্যাম্পিয়ন দল ঢাকায় মূল পর্বে খেলবে। অংশগ্রহণকারী জেলা চ্যাম্পিয়ন স্কুলগুলোকে ম্যাচের কথা জানানো হয় এক দিন আগে। এ কারণে রাঙামাটি জেলা দল আসতেই পারেনি। জাতীয় এই টুর্নামেন্টের বিভাগীয় পর্বের ব্যবস্থাপনার দায়িত্বে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সমন্বয়ের দায়িত্বে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আজম নাছিরউদ্দিন নিজেও ক্ষুব্ধ এমন আয়োজন নিয়ে। ‘এ গরমের মধ্যে ছেলেরা দু-তিনটা ম্যাচ কীভাবে খেলে? মাঝখানে এক ঘণ্টা বিরতি। এটা তো প্রহসন। খেলোয়াড় সৃষ্টি করা তো না, এটা স্রেফ দায়সারা। এ ছাড়া প্রতিটি দলে স্কুলের ফুটবলার কয়জন খেলবে, এটারও কোনো বাধ্যবাধকতা নেই’—বললেন আজম নাছির। প্রতিটি ম্যাচের মাঝখানে দুই ঘণ্টা বিরতি। প্রচণ্ড গরমের মধ্যে একটি ম্যাচ খেলে কিছুক্ষণ পর পরবর্তী ম্যাচে অংশ নিতে গিয়ে খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়ে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি কি সত্যি প্রতিভা অন্বেষণ? এমন প্রশ্ন রয়েই গেল।