প্রতিভা অন্বেষণের দ্বিতীয় পর্ব শুরু
রাজবাড়ী থেকে এসেছেন রুপালি, শারমিন। খুলনা থেকে রুকাইয়া ও ইরা। জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির দ্বিতীয় পর্বে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকায় এসেছে ভলিবলের এই কিশোরীরা।ভলিবল ছাড়াও ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও অ্যাথলেটিকস থেকে বাছাই করা খেলোয়াড়দের থেকে চূড়ান্ত বাছাইয়ের কাজ শুরু হয়েছে কাল। গত বছর ফেব্রুয়ারি মাসে শেরপুরে ফুটবল দিয়ে শুরু হয়েছিল প্রথম পর্ব। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, বক্সিং, বাস্কেটবল, দাবা, সাইক্লিং, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন, উশু—ইভেন্ট ছিল এই ২০টি। আর সারা দেশের ৪৬টি জেলার ১৩০টি ভেন্যু থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় ২৩০৮ জন খেলোয়াড়। এদের থেকে বেছে নেওয়া ৬০৮ জন খেলোয়াড়ই এখন চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরীক্ষায় নেমেছে কাল, চলবে তা আজও।এদেরই আগামী ৭-২৭ মার্চ দেওয়া হবে উচ্চতর প্রশিক্ষণ। কমলাপুরে ফুটবল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেটিকস আর ভলিবল, কাবাডি ও হ্যান্ডবলের প্রশিক্ষণ চলবে নিজ নিজ স্টেডিয়ামে।