প্রতিভার খোঁজ কেউ রাখে না!
আটবার নিজের গড়া জাতীয় রেকর্ড ভেঙেছেন। হাইজাম্পে এখন দেশসেরা। কিন্তু এই সজীব হোসেনই গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ এশীয় গেমসের পর আর সেভাবে অনুশীলনে নেই। তাঁর খোঁজও কেউ রাখে না!সজীব কাল বলছিলেন, ‘এসএ গেমস শেষে কলকাতায় ইন্দো-বাংলা গেমসে অনুশীলন ছাড়াই খেলেছি। চ্যাম্পিয়ন হয়েছিলাম। অনুশীলন ছাড়াই গত জাতীয় মিটে খেলেছি। ক্যাম্পই তো নেই। কোথায়, কার কাছে অনুশীলন করব।’আগামী ২-৩ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে সামার মিট। এতে খেলবেন পাবনার পাকশীর ২১ বছর বয়সী তরুণ। খুব খারাপ কিছু না হলে সজীবের সোনা জয় নিশ্চিত। এখন পর্যন্ত হাইজাম্পে লাফিয়েছেন ২.১১ মিটার। এটি নতুন জাতীয় রেকর্ড। ২০০৭ সালে নিজের প্রথম জাতীয় মিটেই ভাঙেন তৈয়বুর রহমানের জাতীয় রেকর্ড (১.৯৭ মিটার ছিল তৈয়বের, সজীব করেছিলেন ১.৯৮)। তৈয়ব ভেঙেছিলেন পাকশীর ছেলে রবিউল ইসলামের রেকর্ড। সজীব রেকর্ডটিকে পাকশীতেই ফিরিয়ে নিয়ে গেছেন!২০০৭ সালের নভেম্বরে শ্রীলঙ্কায় সাফ জুনিয়রে ব্রোঞ্জ জিতেছেন সজীব। আগামী এসএ গেমসে পদক জিততে উদ্গ্রীব তিনি। এসএ গেমসের রেকর্ড ২.২১ মিটার। ‘নিরন্তর অনুশীলনে থাকলে এই রেকর্ড পেরিয়ে যাওয়ায় সম্ভব’ বলে খুবই আশাবাদী ৫ ফুট ১০ ইঞ্চির তরুণ। কিন্তু কীভাবে এগোবেন? অনুশীলনেই তো করতে পারেন না। গত বছর ২৩ মে বিকেএসপির পাট চুকিয়ে সেনাবাহিনীতে চাকরি নেওয়ার জন্য আর্মি স্টেডিয়ামে ছোটাছুটি করেছেন। অন্য চাকরিপ্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকেছেন। সাত দিন পর্যন্ত থাকা লাগত, কিন্তু পাঁচ দিন থেকে বিরক্ত হয়ে চলে আসেন। পরে সেনাবাহিনী ডাকলেও যাননি।শেষে নৌবাহিনীতে চাকরি নিয়েছেন গত ১০ জুলাই। পদের নাম এলপিএম (লিডিং পেট্রোলম্যান)। এটি নিচ থেকে তিন ধাপ ওপরের পদ।দুই ভাই দুই বোনের সংসার। রেলওয়ের চাকরিজীবী ইলেকট্রিশিয়ান বাবাকে সংসার চালাতে টাকা দিতে হয়, এমন নয়। কিন্তু ‘বিকেএসপি থেকে বেরিয়ে ঢাকায় আমি থাকব কোথায়, খাব কী, দুর্ভাবনায় চাকরি নিতে বাধ্য হয়েছি’—বলেছেন সজীব।খুলনার খালিশপুরে বানোজা তিতুমীর নিউ এন্ট্রি ট্রেনিং স্কুলে এখন চলছে চাকরির প্রশিক্ষণ। সজীব জানিয়েছেন, ‘ট্রেনিংয়ে অস্ত্র ধরা, প্যারেড-শিক্ষা, আচার-আচরণ শেখানো হয়। সপ্তাহে তিন দিন গেম পিরিয়ড আছে দুই ঘণ্টা করে। তবে এটা রিক্রিয়েশনের জন্য। প্রফেশনাল কিছু নয়।’জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মেনেছেন সজীব। এখন জাতীয় মিটের জন্য খুলনা থেকে ছুটি নিয়ে ঢাকায় এসেছেন। খেলা শেষে ফিরে যাবেন চাকরিতে। খেলাটা আবার চলে যাবে পেছনের পাতায়। ডিসেম্বরে এই ট্রেনিং শেষ হওয়ার কথা।সজীবের দুঃখ, ‘আমি কোথায় আছি, কী করছি, অনুশীলন করতে পারছি কি না, কেউই জানতে চায় না। তবে নৌবাহিনীর স্যাররা খোঁজ নেন।’বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রায় ১৫ জন খেলোয়াড়কে মাসে ৫-১০ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে, ‘মানদণ্ডে’ আসেননি বলে এই তরুণের কপালে সেটিও জোটেনি। সজীবকে গড়েছেন যাঁরা, তাঁদের অন্যতম কোচ নজরুল ইসলাম (রুমি) এসব দেখে হতাশ, ‘ও একটা ডায়মন্ড। কিন্তু ওকে তো ট্রেনিং করতে হবে। এসএ গেমসে মেডেল পায়নি, কিন্তু দারুণ পারফরম্যান্স করেছে এশীয় মানের হাইজাম্পারদের সঙ্গে। এটা আমাদের দুর্ভাগ্য, এঁদের আমরা ঠিকভাবে এগিয়ে নিতে পারি না।’অ্যাথলেটিকস ফেডারেশন ঘুমায়। তবে বিদেশ ভ্রমণ বাদ যায় না। প্রতিভা পরিচর্যায় তাঁদের সময় কোথায়! যদিও ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বললেন, ‘সজীব আর ওর বোনকে বিজেএমসিতে চাকরি দিয়েছি। ও চাকরি করেনি। তবে এটা ঠিক, ওর জন্য স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারিনি। এখন আমাদের প্রচেষ্টা বাড়াতে হবে।’ বিওএর ট্রেনিং কমিটির কর্মকর্তা এ কে সরকারের কথা, ‘এই ছেলের সম্ভাবনা থাকলে ফেডারেশনের উচিত ছিল বিওএর দৃষ্টিগোচর করা। কিন্তু তারা তো কিছু জানায়নি।’ফেডারেশন জানাবে কী, তারা এসব নিয়ে ভাবলে তো!