প্রতিযোগিতায় অংশ নিতে বেচে দিতে চান কিডনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কোয়াশ খেলোয়াড় রবির স্ট্যাটাসে উঠে এসেছিল আকুতি। ফাইল ছবি
স্কোয়াশ খেলোয়াড় রবির স্ট্যাটাসে উঠে এসেছিল আকুতি। ফাইল ছবি

টাকার অভাবে কিডনি বিক্রি করে দিচ্ছেন—এ রকম ঘটনা তো আমাদের এই উপমহাদেশে মোটেই বিরল নয়। তবে রবি দীক্ষিতের ঘটনাটা একটু অন্যরকম। একজন খেলোয়াড় যখন শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়ার অর্থের জন্য এমন কিছু করতে যান, সেটা চমকে দেওয়ার মতোই। মার্চের সাফ গেমসে অংশ নেওয়ার জন্য টাকা দরকার রবির। সে জন্য নিজের কিডনি বিক্রি করতে চেয়ে পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক পেজে।
অথচ ভারতের ২০ বছর বয়সী এই স্কোয়াশ খেলোয়াড় ২০১০ সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। স্কোয়াশই ধ্যানজ্ঞান, কিন্তু সেটা থেকে কত টাকাই বা আসে? কিন্তু তাই বলে নিজের কিডনিই বিক্রি করে দিতে হবে! রবির কণ্ঠে অসহায়ত্ব, ‘গত ১০ বছর ধরে স্কোয়াশ খেলছি। ভারতের হয়ে অনেক পদক জিতেছি। কিন্তু তারপরও জাতীয় ও আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য সমর্থন পাচ্ছি না।’
রবির পারিবারিক অবস্থাও খুব একটা ভালো নয়। বাবা উত্তর প্রদেশের ধামপুর চিনি কলে চতুর্থ শ্রেণির কর্মচারী। যা আয় হয়, সংসার চালানোই কঠিন। স্কোয়াশ খেলে রবি যা পান, সেটাও সংসারের পেছনে খরচ হয়ে যায়। বিদেশে গিয়ে উন্নত অনুশীলন করবেন, তারও উপায় নেই। কিন্তু সাফ গেমসের জন্য তো প্রস্তুতি নিতেই হবে। রবি তাই চেন্নাইয়ে গেছেন প্রশিক্ষণের জন্য। সেখানেও অর্থের টানাটানি। বাধ্য হয়েই রবির এমন কঠিন সিদ্ধান্ত।
তবে রবির এমন ঘোষণায় পরিবারও চমকে গেছে। বাবা রামকৈলাশ দীক্ষিত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন, ‘আমরা সবাই মিলে এই সংকট থেকে বের হওয়ার একটা চেষ্টা করব। এটা করলে তার জীবন ও ক্যারিয়ার দুইটিই ধ্বংস হবে। আমি রবির টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছি। ওর তো পরিবারকেও চালাতে হচ্ছে এখন।’

তবে ফেসবুকে অনেকেই রবির পাশে দাঁড়ানোর ইচ্ছা জানিয়েছেন। ধামপুর চিনির কারখানার কর্তারা আগেও সাহায্য করেছিলেন রবিকে। তারা এবার রবির জন্য তহবিল গড়ার কথা ভাবছেন।
মনে হচ্ছে, আপাতত নিজের কিডনি বিক্রি করতে হবে না রবিকে। তবে এই ঘটনা ভারতীয় ক্রীড়াঙ্গনের নির্মম ছবিটা আরও একবার তুলে আনল। একদিকে মাঝারি মানের ক্রিকেটাররাও বেশ সচ্ছল জীবন যাপন করে সেখানে। অথচ অন্য খেলার প্রতিশ্রুতিশীলরাও পায়ের নিচে মাটি পায় না। দক্ষিণ এশিয়ায় এই ছবিটা কম-বেশি একই রকম। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।