প্রতিযোগিতায় প্রস্তুতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজকে অ্যাশেজের প্রস্তুতি মানতে বেজায় আপত্তি ছিল ব্রেন্ডন ম্যাককালামের। মনে যা-ই থাকুক, মুখে অন্তত প্রস্তুতি সিরিজ বলেননি অ্যালিস্টার কুকও। তবে ওয়ানডে সিরিজটা দুই অধিনায়কের কাছেই প্রস্তুতি সিরিজ। সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগের দিন। টুর্নামেন্টের বাকি ছয় দল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেললেও ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ‘প্রস্তুতি’ তাই ওয়ানডে সিরিজটাই। আজ লর্ডসের ম্যাচ দিয়ে শুরু তিন ম্যাচের এই সিরিজ। ওয়েবসাইট।ম্যাককালামদের কাছে এই সিরিজ টেস্ট সিরিজে বাজেভাবে হারের ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ। র‌্যাঙ্কিং ও সামর্থ্যে দুই দলের ব্যবধানটা স্পষ্ট করেই ফুটে উঠেছে টেস্ট সিরিজে। দুই দলের র‌্যাঙ্কিংয়ের ব্যবধানটা ওয়ানডেতেও ঠিক টেস্টের মতো, দুইয়ে ইংল্যান্ড, আটে নিউজিল্যান্ড। রেটিং পয়েন্টের ব্যবধান টেস্টে ৩৫, ওয়ানডেতে ৩৪। তবে শক্তি-সামর্থ্যে টেস্টের চেয়ে ওয়ানডেতে ব্যবধান অনেক কম। রঙিন পোশাকে নিউজিল্যান্ড বরাবরই লড়াকু দল।নিউজিল্যান্ডের টেস্ট দলে অভিজ্ঞ ও ম্যাচ জেতানো খেলোয়াড়ের অভাব থাকলেও ওয়ানডে দলে ম্যাচ উইনারের অভাব নেই। অধিনায়ক ম্যাককালাম, রস টেলর, ড্যানিয়েল ভেট্টোরিরা নিজেদের দিনে একাই ম্যাচ বের করে নিতে পারেন। টেস্ট সিরিজ থেকে দলটাও অনেকটাই আলাদা, ১৫ সদস্যের দলের আটজনই টেস্ট সিরিজে হারের স্পর্শ পাননি। তাঁদের ছোঁয়ায় দলও বদলে যাবে, আশা ম্যাককালামের, ‘ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির দলে নতুন আটজন যোগ হয়েছে আমাদের। ওদের মধ্যে ভেট্টোরি-ফ্রাঙ্কলিন-মিলসের মতো অভিজ্ঞ অনেকে আছে, আছে মানরো-ম্যাকক্লিনাঘানের মতো নবীনেরা, যারা যথেষ্টই কার্যকর হতে পারে। এক সংস্করণ থেকে আরেক সংস্করণে মানিয়ে নেওয়ার কাজ সম্প্রতি আমরা খুব ভালো করতে পেরেছি। আশা করি, এটাও আমাদের পক্ষে যাবে।’সকালে কোনো চোট-টোট না বাঁধিয়ে ফেললে লুক রনকির আজ ইতিহাসে নাম লেখানো নিশ্চিত। ম্যাককালাম জানিয়ে দিয়েছেন, ওপেন করবেন রনকি। তাসমান সাগরের এপার-ওপারে দুই দেশের হয়ে খেলা প্রথম ক্রিকেটার হতে যাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার। ইংল্যান্ড দলে চোটের কারণে নেই সবচেয়ে বড় তারকা কেভিন পিটারসেন। তবে সেই ঘাটতি পুষিয়ে দিতে রুট-বেয়ারস্টোরা তো আছেনই। কখনোই কোনো বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্ট জেতা হয়নি ইংল্যান্ডের। দেশের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসর সেই আক্ষেপ ঘোচানোর ভালো সুযোগ কুকদের জন্য।