প্রতিযোগী কম রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে আইটিএফ টেনিসের বাছাইপর্ব। চূড়ান্ত পর্ব শুরু হবে আগামী সোমবার। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল ২৫টি দেশের। কিন্তু কাল পর্যন্ত ১৫টি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে। নিরাপত্তাকে কারণ দেখিয়ে এবার প্রত্যাহার করে নিয়েছে ১০টি দেশ।
রাজশাহী টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাস আলী জানিয়েছেন, ‘এক সপ্তাহ আগেই ৯টি দেশ এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। কাল আরেকটি দেশ জানিয়েছে তারা আসবে না। তবে এটা নিরাপত্তাজনিত কারণ কি না আমরা জানি না। একই সময়ে বিশ্বের আরও অনেক দেশেই এই টুর্নামেন্ট হচ্ছে। হয়তো সেখানেও ওরা যেতে পারেন।’ আক্কাস আলীর দাবি রাজশাহীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো সংশয় নেই, ‘এখানে প্রতিটি হোটেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক আছেন। আমরা খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দেব।’ নিরাপত্তা প্রশ্নে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় না এলেও অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় লিসা মাইস খেলছেন বাংলাদেশে। রাজশাহীতেও খেলার কথা রয়েছে সিডনির এই মেয়ের।
রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালক বিভাগের ফাইনালে উঠেছেন ভারতের সুনিশ ও সিরিয়ার হাজেম। সেমিফাইনালে সুনিশ ভারতের জিগতিয়ানিকে এবং হাজেম সোমানিকে হারিয়েছেন। আজ ফাইনাল।