প্রতিরাতে ফোনে মায়ের খোঁজ নেন সোহাগ গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী ও তাঁর মা হাসিনা বেগম
সোহাগ গাজী ও তাঁর মা হাসিনা বেগম

২০১২ সালের ৫ ডিসেম্বর এ লেখাটি ছাপা হয়েছিল প্রথম আলোর নারীমঞ্চ পাতায়। ওই বছর ৩০ নভেম্বর সাহারা কাপে ওয়ানডে অভিষেক হয়েছিল সোহাগ গাজীর। অভিষেকেই বাজিমাত করেছিলেন তিনি। ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। নারীমঞ্চের প্রতিনিধি টেলিফোনে সাক্ষাত্কার নেন এই কৃতী ক্রিকেটারের মা হাসিনা বেগমের। প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাশ তার আগেই সোহাগ গাজীর বাড়িতে গিয়ে মায়ের ছবিটি তুলেছিলেন।
চট্টগ্রামে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে সোহাগ গাজীর অসাধারণ সাফল্যের এই দিনে আজ আবার সেই লেখাটি পাঠকদের জন্য দেওয়া হলো।
কি টেস্ট কি ওয়ানডে! দুটোতেই সমান সফল ছেলে। ক্রিকেটের এই দুই সংস্করণেরই অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স এখন তাঁর। নামটা যে সোহাগ গাজী তা সহজেই বোঝা যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে এখন এই অফ স্পিনারের নাম। এমন ছেলের জন্ম দিয়েছেন যে মা, ছেলের সাফল্যে তাঁর অনুভূতি কেমন? সোহাগ গাজীর মা হাসিনা বেগমের কথা নিয়ে এই প্রতিবেদন।

যেদিন তাঁর খেলা থাকে, সকাল থেকেই তাঁর বাড়িও ছোটখাটো স্টেডিয়ামে পরিণত হয়। পাড়াপ্রতিবেশী,আত্মীয়, বন্ধুবান্ধব কেউ বাদ নেই। ঘর ছাপিয়ে টিভি দেখার ভিড় উঠান পর্যন্ত চলে যায়। তাতেও বিরক্ত হন না হাসিনা বেগম। উল্টো সবার জন্য চা-নাশতার ব্যবস্থা করেন। এই চিত্র পটুয়াখালীর টাউন কালিকাপুরের কলাতলা বাজারের সোহাগ গাজীর বাড়ির। তবে ছেলে খেলা শুরু করলে আর টেলিভিশনের সামনে থেকে ওঠেন না মা হাসিনা বেগম। চেয়ারে বসে সারাক্ষণ ছেলের জন্য দোয়া করতে থাকেন।

গত ৩০ নভেম্বর ‘সাহারা কাপ ২০১২’-এর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোহাগ গাজীর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সেদিনই ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটিও নিজের দখলে নিয়ে নেন। ছেলের এই সফলতায় সোহাগের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান গাজী দুই মণ মিষ্টি কিনে সবার মধ্যে বিতরণ করেন। পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি যন্ত্রপাতির ব্যবসা শুরু করেন। ‘এত খুশি হইছি সেদিন। কেমন যে লাগছে, কাউরে বোঝানো যাবে না। চোখে পানি আসছিল।’ বলেন হাসিনা বেগম। টেলিফোনের (৩ ডিসেম্বর রাতে কথা হয়) এপাশ থেকে বোঝা যায় খুশিতে আবারও এই মা কাঁদো কাঁদো।

দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট সোহাগ গাজী। পরিবারের ছোট ছেলে হওয়ায় আদরটা যেন একটু বেশিই। ছোটবেলা থেকে ক্রিকেটপাগল। আবার পড়াশোনাতেও সমান মনোযোগী। এমন ছেলেকে তাই বাড়ির কেউ খেলতে বাধা দেয়নি। এক-দুবার অবশ্য স্কুল ফাঁকি দিয়ে খেলতে গিয়েছিলেন। কিন্তু বিধিবাম! সরাসরি মায়ের হাতেই ধরা। আদরের ছেলেকে খুব একটা বকা দেননি তিনি। যদিবা দিতেন, তাহলে ছেলের অভিমান মাকেই ভাঙাতে হতো। হাসিনা বেগম বলেন, ‘তখন ওরে বুঝাইতাম, খ্যাল কিন্তু পড়নও লাগব। ছেলে আমাদের খুব বাধ্য। যেইটা বলি ,সেইটাই শোনে।’

হোক না তিনি এখন বড় ক্রিকেটার। মায়ের কাছে এখনো ছোট ছেলেটি বড় হননি।

ছেলের ওপর সব সময় বিশ্বাস ছিল হাসিনা বেগমের। সোহাগ গাজী মাকে বলতেন, ‘সুযোগ পেলে দেখো আমি অনেক ভালো করব।’ মা জানেন, তাঁর ছেলে যা বলেন, তা-ই করে দেখান। প্রতিদিন খেলা শুরুর আগের রাতে মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। মা ঠিকমতো ওষুধ খেয়েছে কি না, সেই খোঁঁজ নিতেও ভোলেন না। ওয়ানডে অভিষেকে ম্যাচসেরার পুরস্কার পেয়ে ছেলে মাকে ফোনে বলেছেন, ‘শুধু দোয়া করো আমার জন্য। দেখো আমি ভালো করব।’

পুলিশ কর্মকর্তা বাবার ছিল বদলির চাকরি। পঞ্চম শ্রেণী পর্যন্ত খুলনাতে পড়াশোনা করেন। ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে সোহাগের বড় ভাই শাহিন গাজী খুলনার একটি ক্রিকেট ক্লাবে তাঁকে ভর্তি করে দেন। এর কিছুদিন পরই বাবা বদলি হয়ে বরগুনা চলে গেলেন। তাঁকেও যেতে হলো। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলেন বরগুনা জিলা স্কুলে। এসএসসি এই স্কুল থেকেই পাস করেন। সোহাগ যখন সপ্তম শ্রেণীতে, তখন ভারত সরকারের আমন্ত্রণে ভারতে ছোটদের ক্রিকেট খেলতে যান। সেবারই প্রথম ছেলের সাফল্যের স্বাদ পেয়েছিলেন মা-বাবা। তখনই তাঁরা সিদ্ধান্ত নেন ছেলে তাঁর নিজের ইচ্ছা পূরণ করুক। সেই স্বপ্ন পূরণে তাঁরা সব ধরনের সমর্থন-সহযোগিতা দিয়েছেন।

প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে—দুটোতেই সফল। সোহাগ গাজীর জন্য তাঁর মাকে সবাই অভিনন্দন জানাতে বাড়িতে আসছেন। ছেলের জন্য ভীষণ গর্ব করেন হাসিনা বেগম। তিনি বলেন, ‘সব মা-বাবাই চান তাঁর সন্তান মানুষ হোক। আমার ছেলে ওপরের দিকে উঠতেছে। বাংলাদেশের জন্য আনন্দ নিয়ে আসতেছে। এর থেকে বড় আর কিছু নাই।’

প্রথম আলোর পটুয়াখালীর প্রতিনিধি শংকর দাস

২ ডিসেম্বর সোহাগ গাজীর বাড়িতে যান। তিনি ফিরে এসে লেখেন, ওয়ানডে খেলা চলাকালীন দেখা গেল সোহাগের বাবা শাহজাহান গাজী দোকান বন্ধ করে রেখে বাসায় বসে ছেলের খেলা দেখছেন। এ সময় তাঁর মা ও পাড়া-প্রতিবেশীও সোহাগদের বাসায় এসে খেলা দেখছিল। আর তাঁর জন্য দোয়া করছিল।

পরিবারের প্রিয় মুখ সোহাগ গাজী এখন পটুয়াখালীর সবার কাছেই প্রিয়। তাই তো জাতীয় ক্রিকেট দলে সোহাগ গাজীর সুযোগ পাওয়ার খবরেই পটুয়াখালীবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েছিল। তাঁর সাফল্য কামনা করে শহরে বের হয়েছিল আনন্দ মিছিল। অভিষেক টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলসহ তিনজনকে ধরাশায়ী করায় আনন্দে ভেসেছে পটুয়াখালীবাসীসহ সোহাগ গাজীর পরিবার। সেই আনন্দ হাসিনা বেগমের মন ভরিয়ে দিয়েছে।