প্রতিশোধ চায়নি স্টিনক্যাম্পের পরিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিভা স্টিনক্যাম্পের মা জুন স্টিনক্যাম্প
রিভা স্টিনক্যাম্পের মা জুন স্টিনক্যাম্প

বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে অস্কার পিস্টোরিয়াসের পাঁচ বছর কারাদণ্ড হওয়ার এক দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে স্টিনক্যাম্পের পরিবার। ব্রিটিশ চ্যানেল আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জুন স্টিনক্যাম্প ম্লান কণ্ঠে বলছিলেন, ‘আমরা প্রতিশোধ চাইনি, তার শারীরিক প্রতিবন্ধকতা বিবেচনায় নিয়েই আমরা ন্যায্য শাস্তি চেয়েছি। আমরা চাইনি, সে জেলে যাক আর সবাই তাকে খারাপ চোখে দেখুক। তবে একদিন পিস্টোরিয়াস বুঝবে যে সে এভাবে কাউকে খুন করতে পারে না।’ রিভা স্টিনক্যাম্পের মা কাল এমনও ইঙ্গিত করেছেন যে পরিবারের কেউ কেউ এই রায়ে অসন্তুষ্টও, ‘এই রায় আমরা মেনে নিয়েছি। সবাই আসলে পুরোপুরি খুশি নয়...তাঁর (বিচারকের) সামনে থাকা প্রমাণগুলো পর্যাপ্ত ছিল না, এটাই সত্যি। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে।’ স্বামী ব্যারিও স্ত্রীর সঙ্গে একমত, ‘একমাত্র অস্কারই জানে এই শাস্তি তার কাছে গ্রহণযোগ্য হয়েছে কি না। এ ব্যাপারে আমার নিজস্ব মত আছে। কিন্তু বিচারক যে রায় দিয়েছেন, তা আমরা মেনে নিয়েছি।’ এএফপি।