প্রতিশোধ চান লঙ্কান কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসম লড়াইয়ে প্রতিশোধ শব্দটা মূল্যহীন। তবে গ্রাহাম ফোর্ড মনে রেখেছেন দুই দলের সর্বশেষ লড়াইটা। শ্রীলঙ্কান কোচের মনে তাই প্রতিশোধস্পৃহা। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপ হারের প্রতিশোধ নিতে চান ফোর্ড। পরশু শ্রীলঙ্কায় পৌঁছে মুশফিকুর রহিম অবশ্য বলেছেন পুরোনো কথাই। তারুণ্যের ভরসায় ভালো কিছু করতে চান বাংলাদেশ অধিনায়ক। আর লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুসের কণ্ঠে সেই চিরকালীন উক্তি, খাটো করে দেখতে চান না প্রতিপক্ষকে।আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাঝে মাত্র দুটি দল। তবে বাস্তবের ফারাকটা যে আরও অনেক বেশি, সেটা পরিষ্কার র‌্যাঙ্কিং পয়েন্টেই। শ্রীলঙ্কার ৯২, বাংলাদেশের ০! এটাই বলে লড়াইটা কত অসম। দুই দলের ১২ টেস্টের সবগুলো অনায়াসে জিতেছে শ্রীলঙ্কা, ৩০ ওয়ানডের ২৭টি। তিন ওয়ানডে হারের শেষটি গত মার্চের এশিয়া কাপে। লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ উঠেছিল এশিয়া কাপের ফাইনালে। ওই হারটি এখনো পোড়াচ্ছে গ্রাহাম ফোর্ডকে। পরশুর সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচের কণ্ঠে প্রতিশোধ-প্রতিজ্ঞা, ‘আমরা জানি, ওদের দলটা কতটা প্রতিভাবান। এশিয়া কাপে আমরা বুঝতে পেরেছিলাম ওরা কতটা কঠিন প্রতিপক্ষ। মুখ লুকাতে বাধ্য হয়েছিলাম আমরা। ওই ফলাফলের পর এবার আবার প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।’বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে লঙ্কান ক্রিকেটে শুরু হচ্ছে নতুন যুগ। নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন ম্যাথুস। কোচের পাশে বসে এই অলরাউন্ডার সতর্ক করে দিলেন সতীর্থদের, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। আত্মতুষ্টির কোনো জায়গা নেই, প্রতিপক্ষকে খাটো করে দেখার মানেই হয় না। প্রতিটি ম্যাচেই আমাদের সমান মনোযোগী হতে হবে।’দেশ ছাড়ার আগে শেষ সংবাদ সম্মেলনে মিরপুরে যা বলেছিলেন, কলম্বোর তাজ সমুদ্র হোটেলের সংবাদ সম্মেলনেও মুশফিকের কণ্ঠে একই আশাবাদ। চোটজর্জর দলে অনভিজ্ঞ খেলোয়াড়ের মিছিল। কিন্তু তারুণ্যে ভরসা মুশফিকের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিকে দেখছেন সুযোগ হিসেবে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজেও আমাদের চোটসমস্যা ছিল। ওয়ানডে সিরিজে ছিল না সাকিব, তার পরও আমরা সিরিজ জিতেছি। যে তরুণেরা দলে এসেছে, তারা পারফর্ম করেই জায়গা পেয়েছে। ওর (সাকিব) অভাব আমরা বোধ করব, কিন্তু তরুণদের জন্য এটা প্রমাণ করার সুযোগও যে দেশের মতো দেশের বাইরেও তারা ভালো খেলতে পারে।’এশিয়া কাপের সাফল্য বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে দিয়েছে। পরে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিন্তু লঙ্কান সংবাদমাধ্যমে এখনো ঘোর লেগে আছে বাংলাদেশের এশিয়া কাপ সাফল্যের। সাফল্যের রহস্য নিয়ে প্রশ্ন উঠল। ‘রহস্য কিছু নেই। গত এক-দুই বছরে ছেলেরা অনেক পরিশ্রম করছে। মাঠে গিয়ে নিজেদের প্রমাণ করার প্রয়োজন ছিল, নিজেদের কাজটা ঠিকঠাক করার প্রয়োজন ছিল। এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা সেটাই করেছি। বেশ কজন তরুণ দলে এসেই দারুণ পারফর্ম করেছে। আশা করি, এই ধারা ধরে রাখতে পারব’—জবাব দিয়েছেন মুশফিক।টেস্টে অবশ্য বাংলাদেশ এগোচ্ছে শম্বুকগতিতে। শ্রীলঙ্কাতেও বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক খুব একটা পাওয়া যাবে না। তবে তারুণ্যের ভরসায় লড়াই চান মুশফিক, ‘টেস্টে আমাদের প্রতিটি সেশন ভালো করতে হবে এবং সেটা ধরে রাখতে হবে। সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছু কিছু সেশন আমরা দারুণ খেলেছি, কিন্তু শেষটা ভালো করতে পারিনি। তবে তরুণেরা ভালো করছে। ওরা যদি পারফর্ম করতে পারে, আশা করি টেস্ট সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’গতকালই কলম্বো থেকে মাতারা পৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল সেখানেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু শ্রীলঙ্কা উদীয়মান একাদশের বিপক্ষে। ওয়েবসাইট।