প্রতিশোধ চায় শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের বিপক্ষে মাঠে নামতে পারেননি শেখ জামাল ধানমন্ডির প্রধান গোলরক্ষক জিয়াউর রহমান। কাল হোটেলের পাশের একটি ওষুধের দোকানে গিয়েছিলেন ব্যথানাশক ইনজেকশন কিনতে। জিয়াকে দেখে দোকানের মালিক এসে জড়িয়ে ধরেন। মোহনবাগানের সমর্থক ভদ্রলোক বললেন, ‘মোহামেডানকে হারালে তোমাদের আমি মিষ্টি খাওয়াব!’ আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ডের ফাইনালে কলকাতা মোহামেডানের সামনে দাঁড়াবে শেখ জামাল।

শেখ জামালের ফুটবলাররা যেখানেই যাচ্ছেন, উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন। শেখ জামাল ফুটবলের জাদুতে মন পেয়ে গেছে কলকাতাবাসীর। কাল কলকাতা থেকে মুঠোফোনে উচ্ছ্বসিত জিয়া বলছিলেন, ‘আমাদের দেখলে সবাই এগিয়ে এসে কথা বলছে। অনেকে বলছে তোমরা মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে হারিয়েছ, এবার মোহামেডানকে হারিয়ে কোটা পূরণ করো।’

যুবভারতীতে কাল বিকেলে ইস্ট বেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টসের মধ্যে হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এ জন্য কাল সকালেই অনুশীলন সেরে ফেলতে হয়েছে শেখ জামালকে। গ্রুপের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের কাছে হেরেছিল শেখ জামাল। কাল অনুশীলনে ওই ম্যাচের ভুলত্রুটি নিয়েই কাটাছেঁড়া করেছেন কোচ যোসেফ আপুসি। এবার আর মোহামেডানকে ছাড় দিতে চায় না শেখ জামাল। সবার হয়ে যেন সেই কথাটাই বললেন জিয়া, ‘আমাদের সবাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মোহামেডানের সঙ্গে ওই ম্যাচে আমাদের তিনটি শট পোস্টে লেগেছিল। আর দুটি গোলই আমরা খেয়েছি ভুল-বোঝাবুঝির কারণে। আশা করি, ফাইনালে এমন ভুল হবে না। মোহামেডানকে হারিয়ে এবার প্রতিশোধ নিতে চাই।’
পরশু খেলোয়াড়দের অনেকেই আইপিএলের নিলামে চোখ রেখেছিলেন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে সাড়ে তিন কোটি টাকার বিনিময়ে এবারও রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেটা জানার পর সাকিবের মতো কলকাতায় খেলার স্বপ্ন দেখছেন মামুনুল ইসলামও, ‘সাকিবের মতো আমারও কলকাতার ক্লাবে খেলার ইচ্ছা আছে।’ শেখ জামালের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ মাঠে বসে উপভোগ করতে চান ক্লাবটির সাবেক গোলরক্ষক আমিনুল হক। কাল সন্ধ্যার বিমানে পরিবার-পরিজন নিয়ে কলকাতায় গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।