প্রতিশোধ চায় শ্রীলঙ্কা
নেটে ব্যাটিং করলেন বড়জোর মিনিট পাঁচেক। ব্যাটিং মানে স্রেফ হালকা নক। রিকি পন্টিংয়ের সংবাদ সম্মেলনটা বরং এর চেয়ে অনেক লম্বাই হলো। প্রায় মিনিট পনেরো। কিন্তু ওই হালকা ‘নকের’ মতো সংবাদ সম্মেলনটাও কেমন জানি ম্যাড়মেড়ে। নিউজিল্যান্ড ম্যাচের পর পেরিয়ে গেছে সাত দিন। টানা দুই দিন অনুশীলন না করার বিলাসিতাও দেখাতে পেরেছে অস্ট্রেলিয়া। লম্বা বিরতিতে কি তবে ঝিমিয়ে পড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা!প্রশ্ন শুনে পন্টিংও ধন্দে পড়ে গেলেন। তাই দ্বিধান্বিত উত্তর, ‘বিরতি তো আর খারাপ কিছু নয়। দলের সবাই তরতাজা হওয়ার সময় পেয়েছে। তবে এত বেশি বিরতিতে মনোযোগ তো খানিকটা নড়েই যায়!’ শ্রীলঙ্কার অবস্থা আবার উল্টো। অস্ট্রেলিয়ার সর্বশেষ ম্যাচের পর দুটি ম্যাচ খেলে ফেলেছে, সপ্তাহ খানেকের ভেতর আজ তৃতীয় ম্যাচ। তবে শ্রীলঙ্কার ক্লান্তি বা অস্ট্রেলিয়ার ঝিমুনি, কোনোটাই থাকার কথা নয় আজ মাঠে নামার সময়। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালের পর থেকেই যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ মানে অন্য কিছু!নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার খেলতে না-আসা, লাহোরের ফাইনালে সেটার ‘প্রতিশোধ’ নেওয়া, অর্জুনা রানাতুঙ্গার অস্ট্রেলিয়ানদের গায়ে জ্বালা ধরিয়ে দেওয়ার মতো মন্তব্য—সব মিলিয়ে ১৯৯৬-এর পর বিশ্বকাপে দুদলের লড়াই মানেই ছিয়ানব্বইয়ের আবহ। ১৯৯৯ বিশ্বকাপে দুদল দুগ্রুপে থাকায় দেখা হয়নি। সর্বশেষ দু বিশ্বকাপে চারবার দেখা, প্রতিবারই অবধারিতভাবে চলে এসেছে ছিয়ানব্বই। এই চারবারই অবশ্য নির্মম প্রতিশোধ তুলেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা পাত্তাই পায়নি। ২০০৩ বিশ্বকাপের গ্রুপ পর্বে উড়িয়ে দেওয়ার পর সেমিতেও লঙ্কানদের বুক ভেঙে ফাইনালের টিকিট পেয়েছিল পন্টিংয়ের অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপে আবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার একতরফা জয়, ফাইনালে ছিয়ানব্বইয়ের প্রতিশাধ। শুধু এই চারবারই নয়, বিশ্বকাপের সাত লড়াইয়ে লঙ্কার জয় ওই একটিই! এবার কি বদলাবে ইতিহাস?কুমার সাঙ্গাকারা কিন্তু আশাবাদী ‘এক’-কে এবার ‘দুই’ করতে পারবেন। বিশ্বকাপের আগে যে কথাগুলো আকাশে-বাতাসে উড়ছিল, সেগুলোকেই আত্মবিশ্বাসের রসদ বানালেন লঙ্কান অধিনায়ক, ‘মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এমন একতরফা, এর আসল কারণ অবশ্যই অস্ট্রেলিয়া দুর্দান্ত দল। তবে আগের দলগুলোর মাঝে হয়তো অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাস ছিল না। আমাদের এই দলটার অবশ্যই আছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়েও সিরিজ জিতে এসেছি। সবচেয়ে বড় কথা আমাদের মানসিকতা এখন বদলে গেছে। টেকনিক্যাল পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনটাই আসল।’একটু রাখঢাক রেখে সাঙ্গাকারা যে কথাটি বোঝাতে চাইলেন, ‘সেই অস্ট্রেলিয়া কি আর আছে!’আজকের ম্যাচে তবুও কিছুটা এগিয়ে অস্ট্রেলিয়াই। ইংল্যান্ডকে ৬-১-এ ওয়ানডে সিরিজ হারানোর পর বিশ্বকাপের প্রথম দুম্যাচেও জিতেছে বড় ব্যবধানে। তবে বড় ম্যাচ। এই ম্যাচ জিতলে ‘বিশ্বকাপের অস্ট্রেলিয়া অন্য রকম’—এই ধারণা আবার প্রতিষ্ঠিত হতে শুরু করবে। ‘অস্ট্রেলিয়াকে দেখে নেওয়া’র এই আত্মবিশ্বাসটাও একটু নাড়া খাবে বাকি দলগুলোর।তবে অস্ট্রেলিয়ানদের কঠিন এক পরীক্ষা নেওয়ার আয়োজন করছে শ্রীলঙ্কা। স্পিনে অস্ট্রেলিয়া দুর্বল—প্রচলিত ধারণাটা তো আছেই। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচেও এর কিছুটা প্রমাণ মিলেছে। সাঙ্গাকারা যা ইঙ্গিত দিলেন, তাতে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন না হলে আজ এক স্পেশালিস্ট পেসারের সঙ্গে তিন স্পিনার নিয়ে নামবে স্বাগতিকেরা। সে ক্ষেত্রে লাসিথ মালিঙ্গার সঙ্গে নতুন বল হাতে নেবেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ, মেন্ডিস। এর পরও যদি প্রয়োজন পড়ে তা হলে দিলশান, সামারাবীরা কিংবা চামারা সিলভারা তো আছেনই!অস্ট্রেলিয়া বিশ্বকাপে এসেছে আশির দশকের ওয়েস্ট ইন্ডিজ হয়ে, উইকেটের কথা না ভেবে বেছে নিয়েছে সেরা বোলিং আক্রমণ। সেটা কার্যকরীও হচ্ছে। আজও তাই তিন পেসার নিয়েই নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তিন পেসারের সঙ্গে তিন স্পিনার—এই লড়াইটাও কম আকর্ষণীয় হওয়ার কথা নয়! আকর্ষণীয় হওয়াটাও জরুরি। কয়েকটা চুল ছেঁড়া-নখ কামড়ানো ম্যাচের পর ম্যাড়মেড়ে একটা দিন গেছে কাল। বিশ্বকাপকে আবার জাগিয়ে তুলতে চাই হূদস্পন্দন থমকে দেওয়া আরেকটা ম্যাচ!