প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-আফগানিস্তান ম্যাচের একটি দৃশ্য। ছবি: গোলনেপাল ডটকম।
ভারত-আফগানিস্তান ম্যাচের একটি দৃশ্য। ছবি: গোলনেপাল ডটকম।

নতুন চ্যাম্পিয়নের দেখা পেল সাফ ফুটবল। সাফের সফলতম দেশ ভারতকে আজ ২-০ গোলে হারিয়ে দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরল যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান।
২০১১ সালের সর্বশেষ ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেটা ছিল আফগানদের প্রথম ফাইনাল। বোমা-বারুদ-রক্তে মাখামাখি প্রতিটি দিনের ভিড়ে দেশবাসীর জন্য অন্যরকম একটা উত্সব এনে দেওয়ার প্রতিজ্ঞায় নেমেছিল মাঠে। কিন্তু ভারতের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে শিরোপার স্বপ্ন ভেঙে যায় আফগানদের। সেই ভারতকে আজ কান্নায় ভাসালেন আফগান খেলোয়াড়েরা, আগের আসরের প্রতিশোধ নিয়ে জিতলেন শিরোপা।
সাফের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। সেই ভারতীয় খেলোয়াড়দের আজ রীতিমতো অসহায় দেখাল আফগানদের সামনে। ম্যাচের নয় মিনিট যেতে না যেতেই এগিয়ে যায় আফগানিস্তান। বেলালের কাছ থেকে বল পেয়েছিলেন মোস্তফা। সেটা ভারতীয়দের জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি। ৩৫ মিনিটে গোল শোধের একটি সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু আরাতার দারুণ একটি শট ঠেকিয়ে দেন আফগান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ভারত। সেটা তো হয়ইনি, উল্টো ৬২ মিনিটে আরও একটি গোল খেয়ে বসে তারা। পাল্টা আক্রমণে স্কোরলাইন ২-০ করেন সানজার আহমাদি। শত চেষ্টা করেও ব্যবধানটা আর কমাতে পারেননি ভারতীয় খেলোয়াড়েরা। নেপালের দশরথ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফের ইতিহাসটা নতুন করে লেখালেন আফগান খেলোয়াড়েরা।