প্রতিশোধ নিল সিটি
এক ঢিলে যেন তিন পাখি শিকার ম্যানচেস্টার সিটির। পরশু চেলসিকে ২-০ গোলে হারিয়ে সিটি উঠেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে। জ্বালা জুড়িয়েছে আগের সপ্তাহে হারের। তার চেয়েও বড় কথা, চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতিটা হলো দারুণ।
আগামীকালই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ, ইতিহাদ স্টেডিয়ামেই প্রতিপক্ষ বার্সেলোনা। তার আগে চেলসির মতো দলকে হারানো, ম্যানুয়েল পেলেগ্রিনির দলের এর চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারত না!
৩ ফেব্রুয়ারি ইতিহাদে এসেই সিটিকে হারিয়ে (১-০) গিয়েছিল চেলসি। লিগে ওটাই ছিল নিজেদের মাঠে সিটির প্রথম হার। ১২ দিন পরই সেই চেলসিকেই আবার নিজেদের মাঠে পেয়ে সিটির প্রতিশোধের নেশা পেয়ে বসাটাই ছিল স্বাভাবিক। ইয়োভেতিচ ও সামির নাসরির গোলে সিটি প্রতিশোধই নিল!
ম্যাচের ১৬ মিনিটেই সিটিকে এগিয়ে দেন ইয়োভেতিচ। এর আগের মিনিটেই মন্টেনেগ্রো ফরোয়ার্ডের শট প্রতিহত হয় ক্রসবারে। ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন তাঁরই বদলি হিসেবে নামা নাসরি। হাঁটুর চোটের কারণে পাঁচ সপ্তাহ বাইরে কাটিয়ে মাঠে ফিরেই গোল পেলেন ফরাসি মিডফিল্ডার।
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ, বার্সেলোনা ম্যাচের জন্য ঠিকঠাক তৈরি হওয়ার স্বস্তি তো আছেই। তবে ম্যাচ শেষে সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি বড় করে দেখালেন ‘প্রতিশোধের’ ব্যাপারটি, ‘আমরা আজ প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ১২ দিন আগে আমরা সত্যিই বাজে খেলেছিলাম। তাদের অনেক সুযোগ দিয়েছিলাম, আমরাও অনেক সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু আজ আমরা ছিলাম সংগঠিত। তারা একই রকম খেলেছে এবং আমাদের জন্য এটা ছিল স্বস্তির।’
এদিকে কাল প্রতিশোধ নিয়েছে আর্সেনালও। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তো ওঠা হলোই, দলটি শোধ নিয়েছে আট দিন আগে ৫-১ গোলের হারেরও। অক্সলেড-চ্যাম্বারলেন ও পোডলস্কি ২-০ গোলে এগিয়ে নেন আর্সেনালকে। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলের একমাত্র গোলটি করেন জেরার্ড। এএফপি।