প্রতিশোধ নিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে ম্যাচ থেমে গেলেও শ্রীলঙ্কার জয় আটকে থাকেনি তাতে। ছবি: এএফপি
বৃষ্টিতে ম্যাচ থেমে গেলেও শ্রীলঙ্কার জয় আটকে থাকেনি তাতে। ছবি: এএফপি

মিরপুরে হঠাৎ কালবৈশাখীর হানা। ভারী বৃষ্টি, সঙ্গে পাথর সাইজের শিলা। মাঠ মুহূর্তেই ঢেকে গেল সাদা বরফখণ্ডে। প্রকৃতির বাগড়ায় ম্যাচ থামলেও শ্রীলঙ্কার জয় আটকে থাকেনি তাতে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে গতবারের ফাইনালের শোধ তুলল লঙ্কানরা। 

১৬১ রানের লক্ষ্যে প্রথম ওভারেই ১৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এর পরই মালিঙ্গার জোড়া আঘাত। ৪.৫ ওভারে ২৮ রান তুলতেই ফিরে যান দুই ওপেনার ডোয়াইন স্মিথ (১৭) ও ক্রিস গেইল (৩)। দুজনেই মালিঙ্গার বলে পরিষ্কার বোল্ড। কিছু পরে প্রসন্নের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন লেন্ডল সিমন্স (৪)। ডোয়াইন ব্রাভে কিছুটা স্বপ্ন দেখালেও কুলাসেকারার বলে তিনিও ফিরেছেন ৩০ করে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে উইন্ডিজের সংগ্রহ ১৩.৫ ওভারে ৪ উইকেটে ৮০। প্রয়োজন ছিল ৩৭ বলে ৮১, হাতে রয়েছে ৬ উইকেট। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন তারা ২৭ রানে পিছিয়ে।  

কলোম্বোয় ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৫.২ ওভারে ৪ উইকেটে তলেছিল ৮৭। তার পরও ম্যাচ জেতার পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচও জিতেছিল তারা। দু বছর পর আবারও দুদল মুখোমুখি। এবার সেমিফাইনালে। এবার প্রথমে ব্যাট করল শ্রীলঙ্কা। এবং জিতলও শেষপর্যন্ত।

১৩.৩ ওভারে লঙ্কানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯১। শেষমেশ ২০ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ১৬০। শেষ ৬ ওভারেই উঠল ৬৩। এ সময় উইকেট পড়ল মাত্র ২টি।

শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন কুশল পেরেরা ও তিলকরত্নে দিলশান। উদ্বোধনী জুটিতে ৪ ওভারে আসে ৪১। এরপর ছোটোখাটো একটি বিপর্যয়। আট রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, যাদের দুজন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে! সেটি ভালোভাবেই সামাল দেন লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস। ওভারে সাড়ে আটের বেশি করে তোলা ৩০ রানের জুটি গড়েন দুজনে। লঙ্কান ইনিংসের সর্বোচ্চ ৪৪ এসেছে থিরিমান্নের ব্যাট থেকে। তবে শেষ দিকে ম্যাথুস-ঝড়ের কারণেই চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে লঙ্কানরা। রাসেলের বলে ফেরার আগে ম্যাথুস করেছেন ২৩ বলে ৪০। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন সান্টোকি।