অস্ট্রেলিয়ান ওপেনে দুজনের সর্বশেষ দেখায় ফেদেরারকে কাঁদিয়েছিলেন নাদাল। কোর্টে আবেগ প্রকাশে বরাবরের হিসাবি ফেদেরার ২০০৯ সালের ফাইনালে পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে হেরে যাওয়ার পর আর নিজেকে সামলাতে পারেননি। প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন। সেই ফাইনালের পর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে দুজনের প্রথম দেখা, যেটির আগে ‘প্রতিশোধ’ শব্দটা উচ্চারণ না করেও ফেদেরার ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন, এবার তাঁর সেই যন্ত্রণা ফিরিয়ে দেওয়ার পালা। উল্টো নাদালের কাছে আরেকটি পরাজয়ের বেদনায় নীল হতে হলো ফেদেরারকে। ২০০৫ ফ্রেঞ্চ ওপেনের পর গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে দুজনের প্রথম দেখায় নাদাল জিতে গেলেন চার সেটেই—৬-৭ (৫/৭), ৬-২, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে।জয়ের পর কোর্টে শুয়ে পড়ে চেনা সেই উদ্যাপন; এরপর কোর্টে দাঁড়িয়েই হাসিমুখে জানিয়েছেন প্রতিক্রিয়া, ‘আমার জন্য আবার ফাইনালে ফেরাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’কোর্টে প্রবল প্রতিপক্ষ কোর্টের বাইরে বরাবরের ভালো বন্ধু। ফেদেরারের প্রতি শ্রদ্ধাও ফুটে বেরোল পরের কথাটায়, ‘রজারের বিপক্ষে খেলাটা সত্যিকারের সম্মান। এটি ছিল দুর্দান্ত এক ম্যাচ।’নাদাল ‘দুর্দান্ত ম্যাচ’ বলছেন বটে, তবে ফেদেরার-নাদাল ক্লাসিকগুলোর তালিকায় অবশ্যই এটি থাকবে না। সেটি দুর্দান্ত শুরুর পর ফেদেরার খেই হারিয়ে ফেলাতেই। শুরুতে প্রায় নিখুঁত টেনিস খেলছিলেন যে ফেদেরার, শেষ পর্যন্ত তাঁরই আনফোর্সড এররের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩! শুরুতেই নাদালের সার্ভিস ব্রেক করেছিলেন ফেদেরার। পরে নাদালও ব্রেক করলে প্রথম সেটটি গড়ায় টাইব্রেকারে। সেটি জেতেন ফেদেরার; টাইব্রেকারেই হারেন তৃতীয় সেট। চতুর্থ সেটে নবম গেমে ফেদেরারের সার্ভিস ব্রেক করার পর নিজের সার্ভিস জিতে উঠে যান ফাইনালে। অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় ও সব মিলিয়ে একাদশ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পথে আর একটি বাধাই পেরোতে হবে নাদালকে। সেটি নোভাক জোকোভিচ না অ্যান্ডি মারে, তা নির্ধারিত হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে।ফেদেরার-নাদাল দ্বৈরথটাকে আরও একতরফা রূপ দিয়ে ফেলেছে কালকের এই সেমিফাইনাল। গ্র্যান্ড স্লামে ১০টি ম্যাচের মাত্র দুটিতে জয় ফেদেরারের। দুটিই উইম্বলডনে; সর্বশেষটি আবার ২০০৭ সালে। কাল কোর্টে নেমেই অবশ্য একটা রেকর্ড সমান করে ফেলেছেন তাঁরা দুজন। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ইভান লেন্ডল ও জন ম্যাকেনরোও খেলেছিলেন ১০টি করে ম্যাচ। এএফপি।২২২মিনিট নাদাল ফেদেরার লড়েছেন সেমিতে৪৪সেমিফাইনালে দুজনের খেলা মোট গেমের সংখ্যা১৮নাদালের বিপক্ষে ফেদেরারের পরাজয়। জিতেছেন ৯ বার