প্রতিশোধ নেবে ওয়েস্ট ইন্ডিজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজ হারের ক্ষতটা এখনো তরতাজা। ওয়ানডে সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্ষতটা আরও গভীর হয়েছে চোটের আঘাতে। বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলকে দেশে রেখেই নিউজিল্যান্ডের বিমানে ওঠা ক্যারিবীয়রা হারিয়ে ফেলেছে মারলন স্যামুয়েলসকেও। অন্যদিকে অনেক দিন পর জেসি রাইডারকে ফিরে পেয়ে আরও উজ্জীবিত নিউজিল্যান্ড। আরেকটি সিরিজ হারই কি অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজের জন্য?
আজ থেকে শুরু পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগে অবশ্য ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভো ভাবছেন অন্য রকম। সিরিজের প্রথম ম্যাচটি আজ অকল্যান্ডে, দিবারাত্রির ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। তার আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক ব্রাভো মনে করিয়ে দিলেন টেস্ট ও ৫০ ওভারের পার্থক্যটা, ‘খেলাটির সংক্ষিপ্ত সংস্করণেই আমরা বেশি স্বচ্ছন্দ। টেস্ট সিরিজটা হতাশার ছিল, তবে আশার কথা ছেলেরা ওটাকে পেছনে ফেলে এসেছে। এটা (ওয়ানডে) পুরোপুরিই অন্য রকম।’
দুর্বৃত্তদের আক্রমণে মৃত্যুর দুয়ার দেখে আসা রাইডার ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করেই। চোট কাটিয়ে ফিরেছেন মার্টিন গাপটিলও। এদের ফিরে পাওয়া, আট বছরের মধ্যে প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজ জয়, মানসিক দিক দিয়ে তো স্বাগতিক দলই এগিয়ে থাকে! কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অবশ্য এমন ভাবেন না। ব্রাভোর মতো ম্যাককালামও মনে করিয়ে দিলেন টেস্ট ও ওয়ানডের পার্থক্যটা, ‘দুই দলই বক্সিং ডেটা শুরু করব সমান অবস্থানে থেকে। এটা আমি আগেও বলেছি, এটা পুরোপুরিই ভিন্ন খেলা। টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে আমি খুবই খুশি। এখন আমাদের মনোযোগ দিতে হবে ভিন্ন একটি দলের দিকে। আমরা জানি, ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন অনেক খেলোয়াড়, আমাদেরও অবশ্য তা-ই।’ এএফপি।