প্রতিশোধ নেবেন নিস্টলরয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো সতীর্থদের সঙ্গে আজ আবার দেখা হয়ে যাচ্ছে রুড ফন নিস্টলরয়ের। রিয়াল মাদ্রিদ আজ খেলতে আসছে মালাগায়! রিয়াল মালাগায় এলে তাতে নিস্টলরয়ের বন্ধু-পুনর্মিলনীর ব্যাপারটা অনেকের কাছে গোলমেলে লাগতে পারে। বিশেষ করে যাঁরা ফুটবলের খোঁজ একটু কম রাখেন। একসময় ম্যানইউ, রিয়াল মাতানো এই ডাচ তারকা যে অনেকটা নীরবে এবার নাম লিখিয়েছেন মালাগায়।ইদানীং ফুটবলের অনেক হিসাব পাল্টে যাচ্ছে আরব শেখদের কারণে। ম্যানচেস্টার সিটির চেহারা পাল্টে দিয়েছেন এক শেখ। মালাগাও স্বপ্ন দেখছে সে রকমই। এ বছর জুনে স্প্যানিশ ক্লাবটি কিনে নিয়েছেন কাতারের রাজপরিবারের সদস্য আবদুল্লাহ আল থানি। প্রথম মৌসুমেই নিস্টলরয়ের মতো তারকাকে এনেছেন দলে। কোচের দায়িত্বও দিয়েছেন রিয়ালের সাবেক কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনিকে। লিগে গত ছয় ম্যাচে চার জয় তুলে নেওয়া মালাগা আজ শক্ত চ্যালেঞ্জই জানাতে চায়। নিস্টলরয় আর পেলেগ্রিনিরও আছে হিসাব চুকানোর পালা। দুজনই এক রকম বিতাড়িত হয়েছেন রিয়াল থেকে। তা ছাড়া মালাগা খেলবে নিজেদের মাঠেও।তবে এসব বলা যত সহজ, কাজ ততটাই কঠিন। সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচ ম্যাচে শুধু জয়ই তোলেনি, গোলও করেছে ২১টি! সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে ৪-০ গোলের জয় এসেছে লিওঁর বিপক্ষে। তা ছাড়া গত মৌসুমে লিগের দুই ম্যাচে মালাগাকে ১১ গোল হজম করিয়েছিল রিয়াল। নিস্টলরয় অবশ্য তার পরও আশাবাদী, ‘ওরা দুর্দান্ত খেলছে, প্রচুর গোল করছে। আমাদের জন্য কাজটা তাই অনেক কঠিন। তবে আমাদের সময়টাও ভালো যাচ্ছে।’বার্সেলোনা অবশ্য গত পাঁচ ম্যাচে কয় গোল দিল—এই হিসাবকে বেশি গুরুত্ব দিচ্ছে না। তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, সর্বশেষ পাঁচ ম্যাচেই কোনো গোল ঢোকেনি বার্সার জালে। এর থেকেই বোঝা যায়, শুরুতে বার্সার রক্ষণ যতটা নড়বড়ে ছিল, এখন সেটি ততটাই অটুট। টানা ছয় ম্যাচে গোল না খেলে ক্লাবের জন্য সেটি হবে নতুন রেকর্ড। আজ অবশ্য তাদের প্রতিপক্ষ সেভিয়া। কঠিন প্রতিপক্ষ, তার পরও ভিক্টর ভালদেস আত্মবিশ্বাসী, ‘রক্ষণে আমরা ভালো করছি। দ্রুত বল নিজেদের পায়ে নিয়ে সেটি মাঝমাঠে পাঠাচ্ছি। সেভিয়ার বিপক্ষেও এটি আমাদের অন্যতম হাতিয়ার হবে। আর টানা ছয় ম্যাচে গোল না খাওয়ার রেকর্ডটিও আমার মাথায় আছে। এ নিয়ে মিডিয়ায় তো আর কম কথা হচ্ছে না।’ এএফপি।