প্রতিশোধ নয়, জয় চায় আর্জেন্টিনা
গত জুন মাসে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। দুই মাস পরে আবার সেই নাইজেরিয়ার বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছে দুবারের বিশ্বকাপজয়ীরা। তবে কোনো প্রতিশোধ স্পৃহা থেকে নয়, জয় পাওয়ার জন্যই কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সুপার ইগলদের মুখোমুখি হবেন মেসি-হিগুয়েইনরা। আজ দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমনটাই বললেন আর্জেন্টিনার নতুন কোচ আলেজান্দ্রো সাবেলা।রূপসী বাংলা হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাবেলা বলেছেন, ‘আমরা কখনোই প্রতিশোধের কথা ভাবি না। এটা খুবই অসুস্থ একটা চিন্তা। আমরা শুধু জয় পাওয়ার জন্যই খেলতে চাই।’ কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে শুভ সূচনাই করেছেন সাবেলা। এখন সামনেও এই জয়যাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ই ব্যক্ত করেছেন তিনি।ভেনেজুয়েলার বিপক্ষে গত ম্যাচে আরও একটি প্রত্যাশিত পরিবর্তন এসেছে আর্জেন্টাইন শিবিরে। অধিনায়কত্বের বাহুবন্ধনী তুলে দেওয়া হয়েছে লিওনেল মেসির হাতে। এখন অধিনায়ক হিসেবে তিনি কোন পজিশনে খেলবেন—এমন প্রশ্নের জবাবে সাবেলা বলেছেন, ‘মেসিকে আমি স্ট্রাইকার হিসেবে দেখতেই বেশি পছন্দ করব। তবে তিনি দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে পারেন। তার ওপর কোনো বিধি-নিষেধ নেই।’আজ সোমবার বেলা ১১টার কিছুক্ষণ পর কলকাতা থেকে ঢাকায় অবতরণ করেন মেসি-হিগুয়েইন-ডি মারিয়াদের বহনকারী বিমান। এ সময় বিমানবন্দরে তাঁদের স্বাগত জানানোর জন্য উপস্থিত হয় বহু আর্জেন্টাইন সমর্থক। বিমানবন্দর থেকে সরাসরি রূপসী বাংলা হোটেলে নিয়ে যাওয়া হয় আর্জেন্টিনার খেলোয়াড়দের।কাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবেন ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি ও তাঁর সতীর্থরা।