প্রতিশোধ ভাবছেন না ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখে বললেন, প্রতিশোধের আগুন নেই মনে। তবে অনুশীলনে ব্রেন্ডন ম্যাককালামের একাগ্রতা মনে করাল ‘বাংলাওয়াশ’টা ভুলে যাননি তাঁরা। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে   প্রথম আলো
মুখে বললেন, প্রতিশোধের আগুন নেই মনে। তবে অনুশীলনে ব্রেন্ডন ম্যাককালামের একাগ্রতা মনে করাল ‘বাংলাওয়াশ’টা ভুলে যাননি তাঁরা। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম আলো

এত দিনে বিরক্তি ধরে যাওয়ার কথা। বাংলাদেশে পা রাখার পর থেকেই একই কথা শুনে আসছেন বারবার। প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনেই সরাসরি বা ঘুরেফিরে আসছে সেই প্রসঙ্গ। অতিভোজনে অমৃতেও অরুচি আসে। আর এটা তো লজ্জা আর তিক্ততার ইতিহাস। কাল ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনেও অবধারিতভাবে এল বাংলাওয়াশ বা ৪-০ প্রসঙ্গ। বারবার মনে করিয়ে দেওয়ায় বিরক্ত হতেই পারতেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ড অধিনায়ক উল্টো প্রশ্ন শুনে হাসলেন। মৃদু হাসিতেই উত্তর, ‘এবার আর ৪-০-তে হারার সম্ভাবনা নেই, সিরিজে ম্যাচই তো তিনটি!’
ম্যাককালামের রসিকতা থেকে দলের হূৎস্পন্দনটা পড়ে নিতে পারেন। তাঁর বিরক্তি প্রকাশে বা বাঁকা কোনো উত্তরে হয়তো বোঝা যেত, সেই ধবলধোলাই-লজ্জা চাপে রেখেছে কিউইদের। ভেতরে ভেতরে চাপ থাকুক আর না-ই থাকুক, হালকা রসিকতায় কিউই অধিনায়ক অন্তত বোঝাতে পারলেন, দলে তরতাজা বাতাস আর চনমনে একটা আবহ তিনি আনতে পেরেছেন। এই বার্তাটা অন্তত দিতে পেরেছেন, অতীত ভাবনায় তিনি কাতর নন, বরং সামনের চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছেন।
এই চ্যালেঞ্জ মানে আবার ‘প্রতিশোধ’ নয়। প্রতিশোধের ডঙ্কা বাজিয়ে সিরিজের আবহে বাড়তি রং চড়াননি ম্যাককালাম। নিজেদের ওপর বাড়তি চাপের বোঝাও নেননি। তবে শুধু ওই হালকা রসিকতায়ই পাশ কাটাননি, ৪-০ প্রসঙ্গ থেকে পালিয়েও যাননি। ওই সময়ের বাস্তবতা স্বীকার করেই শোনালেন এবারের লক্ষ্য, ‘৪-০ আমরা অবশ্যই ভুলে যাইনি। সিরিজটি ছিল একদমই একতরফা, বাংলাদেশ যোগ্য দল হিসেবেই জিতেছিল। আমরা বারবার বাজে শট খেলেছি, পুরোপুরি প্রস্তুতও ছিলাম না। এ জন্যই এবার আগে থেকেই পরিকল্পনা করে অনেক ভালো প্রস্তুতি নিয়েছি। সবচেয়ে ভালো হবে অবশ্যই এবার পাশার দান উল্টে দিতে পারলে। তবে প্রতিশোধস্পৃহা আমাদের অনুপ্রেরণা নয়। অনুপ্রেরণার অভাব নেই, সিরিজ জয়ের তাড়নাটাই তো বড় প্রেরণা!’
এমনিতে অনুপ্রেরণা হতে পারে নিউজিল্যান্ডের সাম্প্রতিক ওয়ানডে ফর্মও। জানুয়ারিতে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা, মে-জুনে ইংল্যান্ডে গিয়ে হারিয়ে এসেছে ইংলিশদের। জুনের চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর পর ইংল্যান্ডের কাছে হেরেছিল মাত্র ১০ রানে। বাংলাদেশে ওই ৪-০ ব্যতিক্রম। নইলে টেস্টের পারফরম্যান্স যা-ই হোক, ওয়ানডেতে নিউজিল্যান্ড সব সময়ই সমীহ জাগানো এক দল। এটা জানেন বলেই ম্যাককালামের কণ্ঠে আত্মবিশ্বাসের কমতি নেই, ‘ওয়ানডে দল হিসেবে আমরা যথেষ্ট ভালো, আমাদের হারানো সহজ হবে না। টেস্টে এই দলটি এখনো উন্নতি করছে, টেস্টের ভাষাটা বোঝার চেষ্টা করছে। কিন্তু ওয়ানডেটা কীভাবে খেলতে হয়, আমরা জানি।’
যে কারণে নিউজিল্যান্ড সব সময়ই ভালো ওয়ানডে দল, সেই সব রসদ এই দলেও আছে। ম্যাককালাম-রস টেলররা নিজের দিনে একাই জেতাতে পারেন ম্যাচ। বরাবরের মতোই দলে আছে বেশ কজন পেস বোলিং অলরাউন্ডার। জিমি নিশাম, কলিন মানরো, কোরি অ্যান্ডারসনরা বল হাতে কার্যকরী, ব্যাট হাতে হয়ে উঠতে পারেন ভীষণ বিপজ্জনক। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের চেয়ে আর একটা জায়গাতেও অনেকটা এগিয়ে এই ওয়ানডে দল—পেস আক্রমণ। অভিজ্ঞ কাইল মিলস আছেন দলে, ফিরেছেন মূল স্ট্রাইক বোলার টিম সাউদি। তরুণ অ্যাডাম মিলনে আর বাঁহাতি মিচেল ম্যাকক্লেনাঘানের গতিও মাথাব্যথার কারণ হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের। সঙ্গে অলরাউন্ডারদের ধরলে মন্থর উইকেট বিবেচনায়ও পেস আক্রমণটা দুর্দান্ত।
‘প্রতিশোধ-পর্বে’ এই পেস আক্রমণই হতে পারে কিউইদের মূল অস্ত্র। হ্যাঁ, প্রতিশোধই। ম্যাককালাম শব্দটি সযত্নে এড়িয়ে গেছেন। কিন্তু ধবলধোলাই হওয়ার লজ্জায় প্রলেপ দিতে পারে তো একমাত্র সেটা ফিরিয়ে দেওয়াই। মুখে না বললেও ম্যাককালামের মনে তাই ৩-০ না থেকে পারেই না!