প্রতিশোধ ম্যাচে ফেদেরার-জোকোভিচ
রজার ফেদেরারের প্রতিশোধের আগুনে পুড়লেন জো উইলফ্রায়েড সোঙ্গা। দুই মাস আগের উইম্বলডন কোয়ার্টার ফাইনালে হারের শোধ নির্মমভাবেই তুললেন পাঁচবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন। পরশু সোঙ্গাকে সরাসরি ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন সুইস তারকা। কোনো প্রতিরোধই গড়তে পারেননি একাদশ বাছাই ফরাসি। ফ্ল্যাশিং মিডোতে এবার অসাধারণ খেলছেন ফেদেরার। শেষ চারের পথে পাঁচ ম্যাচে হেরেছেন মাত্র একটি সেট।শেষ চারে ফেদেরারের প্রতিপক্ষ এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। সার্বিয়ান শীর্ষ বাছাইয়ের বিপক্ষে স্বদেশি ইয়াঙ্কো টিপসারেভিচ পায়ের চোটে সরে দাঁড়ান। তবে ৭-৬ (৭/২), ৬-৭ (৩/৭), ৬-০ ও ৩-০ গেমে এগিয়ে ছিলেন উইম্বলডনজয়ী জোকোভিচই। ইউএস ওপেনে টানা চতুর্থ সেমিফাইনালে দেখা হচ্ছে ফেদেরার-জোকোভিচের। শেষ চারের লড়াইটা হতে পারে জোকোভিচের প্রতিশোধের মঞ্চও। ফ্রেঞ্চ ওপেনের সেমিতে ফেদেরারের কাছে হেরেই ছেদ পড়েছিল তাঁর টানা ৪৩ ম্যাচ জয়ের। প্যারিসের ওই সেমিফাইনালটা ফেদেরারের মাথায় আছে, ‘আমি জানি না প্যারিসে যা হয়েছে, সেটা আমাকে সাহায্য করবে কি না। ওটা ছিল অসাধারণ এক ম্যাচ ও বিশেষ একটা জয়। বছরের অন্যতম সেরা ম্যাচই ছিল ওটা।’জোকোভিচের মুখোমুখি হওয়াই যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছেন সেটাও, ‘খেলাধুলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওর মুখোমুখি হওয়া। তবে আমি সেজন্য প্রস্তুত এবং এখন আমি খেলছিও ভালো।’বৃষ্টির বাধা পেরিয়ে শেষ পর্যন্ত শেষ আটে পৌঁছে গেছেন ‘বিদ্রোহী’ রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে ও অ্যান্ডি রডিকরা। গত রাতেই হয়ে যাওয়ার কথা নাদাল-রডিক ও মারে-ইসনারের ম্যাচ দুটি।মহিলা এককের সেমিতেই মুখোমুখি হচ্ছেন ক্যারোলিন ওজনিয়াকি ও সেরেনা উইলিয়ামস। এখনো কোনো গ্র্যান্ড স্লাম জিততে ব্যর্থ বিশ্বের এক নম্বর তারকার অপেক্ষাটা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনাই বেশি, তা সেরেনা ২৮তম হলেও। চোট ও অসুস্থতা থেকে ফিরে আসার পর আবার যেন নিজেকে তিনি ফিরে পেয়েছেন বিধ্বংসী রূপে। রাশিয়ার পাভলিউচেঙ্কোভাকে ৭-৫, ৬-১ গেমে উড়িয়ে দিয়েই শেষ চারে গেছেন সেরেনা।অন্য সেমিতে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের মুখোমুখি হচ্ছেন এবারের টুর্নামেন্টের বিস্ময় জার্মানির অ্যাঞ্জেলিক কার্বার। বিশ্বের ৯২তম খেলোয়াড় কার্বার ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে। আজ পুরুষ ও মহিলা এককের চারটি সেমিফাইনাল। এএফপি, রয়টার্স।