রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস
প্রতিশোধ-শঙ্কায় সতর্ক রিয়াল
খোঁচা খাওয়া বাঘ কিন্তু সুযোগ পেলে হিংস্র থাবা বসাতে চাইবেই। বার্সেলোনার সম্ভাব্য পাল্টা-আঘাত নিয়ে তাই আগে থেকেই সতর্ক ইকার ক্যাসিয়াস। গত মঙ্গলবার বার্সেলোনার মাঠেই বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে কোপা ডেল রের ফাইনালে উঠেছে রিয়াল। সেই লজ্জাজনক হারের বদলা নেওয়ার সুযোগ বার্সেলোনা পেয়ে যাচ্ছে আজই। তিন দিনের ব্যবধানে বার্নাব্যুতে আজ আবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল অধিনায়কের বিশ্বাস, বার্সেলোনা সর্বশক্তি নিয়ে প্রতিশোধের জন্য ঝাঁপিয়ে পড়বে।হাতের চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে পড়া ক্যাসিয়াস এ ম্যাচেও খেলবেন না। তবে প্রতিপক্ষকে নিয়ে তাঁর আগাম সতর্কতায় আরেকটি আগুনে লড়াইয়েরই আভাস। যদিও ঐতিহ্য-মর্যাদাকে বুড়ো আঙুল দেখিয়ে আজকের এল ক্লাসিকোটা হয়ে উঠতে পারে উত্তাপহীন পানসে এক লড়াই।একে তো ম্যাচটা লিগের, তার ওপর দুই দিন পরই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ রিয়ালের। লিগ শিরোপার আশা আগেই ছেড়ে দিয়েছে রিয়াল। ২৫ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে মাদ্রিদের দৈত্যরা। লিগটাকে তাই অগ্রাধিকার তালিকার পেছনে ঠেলে রিয়ালে সব মনোযোগ কেন্দ্রীভূত করেছে চ্যাম্পিয়নস লিগে।রিয়ালের দুর্ভাগ্য, চ্যাম্পিয়নস লিগের ম্যাচটা তাদের আগামী মঙ্গলবারই। পাঁচ দিনের মধ্যে এল ক্লাসিকোর মতো দুটি স্নায়ুক্ষয়ী লড়াইয়ের ধকল দুই দিনেই সামলে ওঠা সম্ভব নয়। বাধ্য হয়েই হোসে মরিনহোকে ভাবতে হচ্ছে বিকল্প। তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিয়েছেন রিয়াল কোচ। কাকে কাকে বিশ্রাম দেওয়া হতে পারে সেটা অবশ্য স্পষ্ট করেননি মরিনহো। অ্যাঙ্গেল ডি মারিয়া খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। আজ তাই পেপে, লুকা মদ্রিচ, কাকা, করিম বেনজেমারা শুরুর একাদশে থাকতে পারেন বলে ইঙ্গিত রয়েছে। রোনালদো নামবেন না—এ রকম একটা সম্ভাবনাও কিন্তু ভেসে বেড়াচ্ছে বার্নাব্যুর বাতাসে। তার পরও এল ক্লাসিকো এল ক্লাসিকোই। তা ছাড়া মরিনহো জানেন, ওল্ড ট্রাফোর্ড ম্যাচের আগে আজকের জয়টা দেবে উজ্জীবনী শক্তি। আর বার্সেলোনা তো এটাকে বানাতে চাইছে ঘুম ভাঙার মঞ্চ। গত মাসে চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে ২-০-তে হারের পর মঙ্গলবার রিয়ালের কাছে ওই হার। দুটি ম্যাচেই বার্সেলোনাকে বার্সেলোনা মনে হয়নি। যেন তেজহীন এক বাঘ! একটা শঙ্কাও আছে। ওই দুটি ম্যাচেই নিজের ছায়া হয়ে থাকা লিওনেল মেসি জ্বরের কারণে গত বুধবার অনুশীলন করতে পারেননি। গত বুধবার অনুশীলন করেননি জাভি, অ্যালেক্স সংও। চোট ছিটকে দিয়েছে জাভিকে। আজকের এল ক্লাসিকো তো আছেই, ১২ মার্চ আবার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও তাঁকে পাওয়া যাচ্ছে না। এর আগে মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বলছেন, ‘এই দুটি ম্যাচ নিয়ে আমাদের প্রচুর ভাবার দরকার আছে, কোথায় আমরা ভালো ছিলাম এবং কোথায় কোথায় উন্নতি দরকার। দল হিসেবে সুসংঘবদ্ধ এবং নির্ভুল বলে যে আলোড়নটা আমরা তুলেছিলাম, সেটি ফিরে পাওয়া দরকার। আশা করি, আমরা তা পারব। ভুলে গেলে চলবে না, আমরা লিগের শীর্ষ দল। শনিবার বার্নাব্যুতে আরেকটা কঠিন ম্যাচ।’ এএফপি।