প্রতিশোধ শব্দটা অপছন্দ ধোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নটা যেন অবধারিতই ছিল। উঠেও এল সংবাদ সম্মেলনে। তবে বুক ধেয়ে ছুটে আসা বাউন্সারের মতো প্রশ্নটাকে ‘ডাক’ করলেন মহেন্দ্র সিং ধোনি। ১২৬ রানের জয়। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় বৃহত্তম। নিজেরা প্রথমে ৩০০ রান তুলে ইংলিশদের ১৭৪ রানে অলআউট করে দেওয়া। পরশু হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে দারুণ এই জয় তুলে নেওয়ার পর ভারত অধিনায়ককে জিজ্ঞেস করা হয়েছিল, ভারত কি তবে প্রতিশোধই নিল?টেস্টে ৪-০-তে হোয়াইটওয়াশ, ওয়ানডে সিরিজে হেরে যাওয়া ৩-০ ব্যবধানে, হার একমাত্র টি-টোয়েন্টিতেও। গত ইংল্যান্ড সফরের ব্যর্থতাকে এক পাল্লায় তুলে অন্য পাল্লায় পরশুর জয়টিকে নেওয়া হলে ওপাশেই হেলে থাকবে বেশি। ফলে ধোনিও এই এক ম্যাচ জিতেই এটিকে প্রতিশোধ নেওয়া বলতে চাইলেন না। আবার সরাসরি অস্বীকারও করলেন না। একটু কূটনৈতিক উত্তর দিলেন, ‘প্রতিশোধ অনেক কঠিন একটা শব্দ।’এর বদলে ধোনি এই সিরিজটাকে দিতে চাইলেন অন্য এক মাত্রা, ‘এই সিরিজে আমরা উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছি। তাদের তৈরি করাই আমাদের লক্ষ্য।’তার পরও এই জয়ের মাহাত্ম্য যে অন্য রকম সেটিও স্বীকার করে নিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১২ ম্যাচ পর যে এল এই জয়! ‘এই জয়টা এসেছে অনেক দিন পর। ফলে এটা অনেক গুরুত্বপূর্ণ এক জয়। একের পর এক ম্যাচ হারতে থাকলে খেলাটা উপভোগ করা যায় না। আমাদের টানা পরাজয়ের ধারাটা একটু বেশি দিনই টিকেছে। যদিও আমরা ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে ভালোই খেলেছিলাম। কিন্তু বৃষ্টি এসে আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল।’পরশুও কিন্তু একসময় কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিল ভারত। ১২৪ রানে হারিয়েছিল প্রথম চার ব্যাটসম্যানকেই। এর পর ভারত ৩০০ ছুঁয়েছে মূলত ধোনির ৭০ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংসে। ম্যাচসেরাও হয়েছে ধোনি। তবে বরাবরের মতো কৃতিত্ব নিতে চাইলেন না। শুধু বললেন, ‘নিজের পারফরম্যান্স নম্বর দিয়ে মূল্যায়ন আমি করি না। তবে হ্যাঁ, এটা আমার জন্য বহু মূল্যবান একটি ইনিংস ছিল।’কৃতিত্ব ধোনি বেশি দিয়েছেন দলের তরুণদের। ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছে আসলে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব। দুই ‘রবি’ নিয়েছেন তিন-তিন ছয় উইকেট; যাদব নিয়েছেন দুটো। এঁদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি পুরো সিরিজে এই পারফরম্যান্স ধরে রাখার গুরুত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন ধোনি। আগামীকালই সিরিজের দ্বিতীয় ম্যাচ দিল্লিতে। এএফপি, ওয়েবসাইট।