প্রতিশোধটা নিলেনই সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলের প্রিয় সতীর্থ স্টিভেন জেরার্ডকে সুয়ারেজের সান্ত্বনা ছবি:এএফপি
লিভারপুলের প্রিয় সতীর্থ স্টিভেন জেরার্ডকে সুয়ারেজের সান্ত্বনা ছবি:এএফপি

ভাগ্যিস মারিও বালোতেল্লির সময়ই এসেছিলেন ফুটবলে! নয়তো ‘ব্যাড বয়’ ইমেজের ‘আইকন’ হয়ে যেতে পারতেন লুইস সুয়ারেজ। ম্যানচেস্টার সিটির প্যাট্রিক এভরার সঙ্গে বর্ণবাদী আচরণ, চেলসির ইভানোভিচকে কামড়ে দেওয়া, ইংলিশ লিগে সুয়ারেজের কীর্তিকলাপের তালিকা খুব ছোট হবে না। ব্রিটিশ গণমাধ্যমে নিন্দা আর সমালোচনার তিরও প্রতিনিয়ত খুঁজে নিয়েছে তাঁকে। একটা বিন্দুতে সুয়ারেজ এবার মিলেছেন বালোতেল্লির সঙ্গে। বালোতেল্লির মতো তাঁর গোলেই বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে নিজেদের টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ নিয়েছে ইংল্যান্ড।
প্রায় একাই ইংরেজদের বিদায়ের রাস্তা দেখানোর পর সুয়ারেজের কাছে সবকিছুই এখন ঠেকছে স্বপ্নের মতো। তিনি পুরো বিষয়টিকে বিগত কয়েক বছরে তাঁর প্রতি ইংরেজদের আচরণের প্রতিশোধ হিসেবেই দেখছেন, ‘ইংল্যান্ডের লোকজন কয়েক দিন আগেও আমাকে উপহাস করেছে। সবারই সময় আসে। এখন যেমন সময়টা আমার। আমি জানতে চাই, তারা এখন আমাকে নিয়ে কী ভাবছে!’
সমালোচনার তোপে যখন বারবার বিধ্বস্ত হয়েছিলেন, সেই দিনগুলো থেকেই তিনি স্বপ্ন দেখেছিলেন এমনই একটি ‘প্রতিশোধের মুহূর্তে’র জন্য। প্রতিশোধের মিশনে সফল হওয়ার উচ্ছ্বাসটি টের পাওয়া যায় তাঁর কথাতেই, ‘এটা (ইংল্যান্ডের বিপক্ষে) আমার জীবনের শ্রেষ্ঠ ম্যাচগুলোর একটি। অসাধারণ মুহূর্ত। কয়েক দিন আগেও ভাবিনি আমি খেলতে পারব। এটা যদি কোনো সিনেমা হতো, তাহলে সেই সিনেমার জন্য এর চেয়ে ভালো গল্প আমি কখনোই চাইতে পারতাম না।’
শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে জয়সূচক গোল করে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রায় বিদায়ের সুর বাজিয়েছেন সুয়ারেজ। সুযোগটি অবশ্য তিনি পেয়েছিলেন ইংলিশ অধিনায়ক স্টিফেন জেরার্ডের ভুলে। ইংলিশদের এক হাত নিলেও লিভারপুল সতীর্থ স্টিভেন জেরার্ডকে সান্ত্বনা দিতে ভোলেননি সুয়ারেজ, ‘ওর জন্য ওটা ছিল খুবই দুর্ভাগ্যজনক মুহূর্ত। এভাবে ওর কষ্ট পাওয়াটা আমার জন্য খুবই বেদনাদায়ক। ম্যাচ শেষে আমি ওকে বলেছি, “এই ম্যাচের কথা ভুলে যাও। তুমি নিশ্চয়ই সেরাদেরই একজন”।’ সূত্র: মেইল অনলাইন।