প্রতিশোধস্পৃহা মনে আনার দরকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের মুখেই শুনছি প্রতিশোধ শব্দটা। আয়ারল্যান্ডের কাছে গত বিশ্বকাপে আমরা হেরেছিলাম। সেদিক থেকে চাইলে কেউ প্রতিশোধ শব্দটা উচ্চারণ করতেই পারে। কিন্তু আমি ঠিক ওভাবে দেখছি না ব্যাপারটা। আর দশটা ম্যাচের মতোই এটিকে দেখতে চাই। এটা ঠিক, আয়ারল্যান্ডের কাছে সেই পরাজয় এখনো আমাদের পোড়ায়। পোড়াবেই। কিন্তু প্রতিশোধ জাতীয় মনোবাসনা দেখানো ঠিক হবে না। তাহলে হিতে বিপরীত হতে পারে। দলের কাছে আমার চাওয়া পরিষ্কার—সেরাটা দাও। কন্ডিশন এবার পুরো আমাদের পক্ষে। আমি দলে নেই। বাইরে থেকে আমার বন্ধুদের শুধু একটা কথাই বলব, নিজে যখন পারফর্ম করবে, কিছু ফেলে রাখবে না। তুমি ব্যাটিংয়ে আছ, ৪০ করেছ, চেষ্টা করো ৮০ বা ১০০ করতে। যাতে পরের দিকে ব্যাটসম্যানের কাজটা সহজ হয়। এতে গোটা দলের ওপর থেকেই চাপটা কমে যাবে। সেটিই সবচেয়ে বেশি দরকার। একই চাওয়া বোলারদের কাছেও। চেষ্টা করো নিজের সেরা বলটা করতে। লাইন-লেংথ ঠিক রাখো। হতোদ্যম হওয়া চলবে না। শুনলাম, অনুশীলনে সামান্য চোট পেয়েছে শফিউল। ও আজ দলে আছে কি না, জানি না। খেললে শফিউলের ওপর পুরো আস্থা আছে আমার। সে-ই পেস বোলিংয়ে এই দলের সেরা পছন্দ। নাজমুল খেললে বরাবরের মতো রান দেওয়ার ক্ষেত্রে যেন মিতব্যয়ী থাকে—এটা ওর প্রতি আমার পরামর্শ।নতুন বলে পেসাররা দলকে এমন জায়গায় রাখুক, যাতে স্পিনাররা এসে প্রতিপক্ষের গলা টিপে ধরতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। স্পিনার আসার আগেই বোর্ডে অনেক রান উঠে গেলে তখন স্পিনারদের পক্ষেও রানে বাঁধ দেওয়া কঠিন। ওরা আর আক্রমণ করতে পারে না। এ অবস্থাটা নিশ্চয়ই দেখতে চাইব না।হ্যাঁ, অবশ্য ভাগ্যও লাগে। ভালো পারফরম্যান্সের সঙ্গে ভাগ্য যোগ হলে কথাই নেই। আমাদের জয় নিয়ে কোনো সংশয় থাকবে না। আমি তো খুবই আশাবাদী। জেতার জন্য আজ ভালো সুযোগ আমাদের সামনে। আমরা ফেবারিট। ফেবারিট তকমাটা কীভাবে কাজে লাগাতে হয়, ভারত দেখিয়ে গেছে। কাজেই কথা বেশি না বলে আমাদের সুযোগটা কাজে লাগাতে হবে। চাপমুক্ত একটা ফুরফুরে দলকেই আজ মাঠে দেখতে চাইব।দলে কার কী কাজ, সেটি সবাই জানে। কাগজে দেখলাম, আশরাফুল একাদশে আসতে পারে। এটা ভালো দিক। বড় ইসিংস খেলার অভ্যাস তার আছে এবং দলে থাকলে, আশা করি, সে ভালো করবে। তামিম-সাকিব তো আছেই। ওদের কাছে এটা চাই, ওটা চাই বলে চাপ তৈরি করতে চাই না। আমার বিশ্বাস, আমাদের দল ভালো খেলবে। দলের সবাই ১৯-২০। এটা আমাদের জন্য বড় শক্তি। আর একটা কথা। জয়টা কীভাবে এল, এর চেয়ে গুরুত্বপূর্ণ জয়টা এল কি না? চার বছর আগের ক্ষতটা মোছা যতটা দরকার, তার চেয়ে বেশি দরকার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এই ম্যাচটা জেতা। ১ উইকেটের জয় আর ১০ উইকেটের জয় অথবা ১ রান বা ১০০ রানের জয় একই। তবে, হ্যাঁ, সহজ জয় সামনের লড়াইয়ের জন্য দলের আত্মবিশ্বাসটা বাড়ায়। বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা।