প্রতিশোধের অপেক্ষায় ওয়েঙ্গার
আর্সেন ওয়েঙ্গার দাঁতে দাঁত চেপে রেখেছেন। সাধারণ সৌজন্যবোধ ভুলে যখন কেউ আক্রমণ করে বসে তখন ব্যাপারটা সহ্য করা কঠিন। কিন্তু কথার জবাব সব সময় কথা দিয়েই দিতে হবে এমন তো নয়! আর্সেনাল কোচ হয়তো হোসে মরিনহোকে মোক্ষম জবাবটা আজ মাঠে দেওয়ারই পণ করেছেন। আজই লিভারপুলের সঙ্গে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচ আর্সেনালের।
কিন্তু খেলাটা লিভারপুলের সঙ্গে, এখানে মরিনহো আসছেন কেন? চেলসি কোচ পরশু যা বলেছেন সেটি নিয়েই তো চলছে তুমুল আলোচনা।
এই মৌসুমে মরিনহো বারবারই বলছেন শিরোপার আশা করছেন না। অথচ লিগে কিন্তু এখন চেলসিই শীর্ষে। তাহলে কেন এই বিনয়? ওয়েঙ্গার খোঁচা দিয়ে বলেছিলেন ব্যর্থতার ভয় থেকেই মরিনহোর এই ‘নিরাপদ অবস্থান’।
কিন্তু কোনো খোঁচাই মুখ বুজে সওয়ার লোক মরিনহো নন। পরশু তাই ফিরলেন ‘স্বরূপে’, ‘তিনি (ওয়েঙ্গার) বলেছেন আমরা নাকি ভীত। কিসের ভয়ে? এক বছরে কোনো শিরোপা না জেতা কি ব্যর্থতা? আমি তাকে শ্রদ্ধা করি। তিনি একজন গ্রেট ম্যানেজার। কিন্তু সাত-আট বছরে একটা ট্রফি জিততে না পারাই হচ্ছে ব্যর্থতা। তিনি একজন ব্যর্থতা-বিশারদ।’
২০০৫ সালে এফএ কাপ জয়ই আর্সেনালের সর্বশেষ সুখের স্মৃতি। আজ সেই এফএ কাপেই নামছে আর্সেনাল। গত সপ্তাহেই অ্যানফিল্ডে গিয়ে ৫-১ গোলে হেরেছে আর্সেনাল। ওয়েঙ্গার কি এমিরেটসে পারবেন ‘শোধ’ তুলতে? এএফপি।