প্রতিশোধের অপেক্ষায় চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরে মনের মধ্যে একটা আগুন ধিকি ধিকি করে জ্বলছে দিদিয়ের দ্রগবার। জ্বলারই কথা। তিন বছর আগে স্ট্যামফোর্ড ব্রিজে একটা স্বপ্ন ছিনতাই হয়ে গিয়েছিল দ্রগবাদের। ফাইনালে ওঠার শিহরণ নিয়ে শেষ বাঁশি শোনার অপেক্ষায় থাকা চেলসি গোল খেয়ে বসেছিল যোগ করা সময়ে। ৯৩তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার করা সেই গোল ফাইনালে নিয়ে গিয়েছিল বার্সেলোনাকে।সেটাও ১-১ ড্রয়ের পর অ্যাওয়ে গোলের সমীকরণে। হতাশায় পুড়তে থাকা চেলসি ম্যাচ শেষে চড়াও হয়েছিল রেফারি টম ওভরেবোর ওপর। পুরো ম্যাচে চারটি ‘ন্যায্য’ পেনাল্টি না দেওয়ার ‘অপরাধে’ নরওয়ের রেফারির মুণ্ডুপাত করছিলেন খেলোয়াড়েরা। দ্রগবাই ছিলেন আগুন-উত্তপ্ত। সবচেয়ে বেশি মাশুলও গুনতে হয়েছিল তাঁকে। নিষিদ্ধ হয়েছিলেন। চেলসি দিয়েছিল ৮৫ হাজার ইউরো জরিমানা।আজ আবার সেই স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি দুই দল, চেলসি তো প্রতিশোধ নিতে চাইবেই। বার্সাকে সেবার ফাইনালে তোলা গোলটি করা ইনিয়েস্তাও বলছেন, ‘ফাইনালের একেবারে দোরগোড়া থেকে বিদায় নেওয়ার কষ্ট অনেক বড়। আবারও যখন ওদের মুখোমুখি হচ্ছি, আমাদের হারিয়ে ওদের ফাইনালে ওঠার আকাঙ্ক্ষাটা অনেক তীব্র হওয়াই স্বাভাবিক। ফুটবলে আপনি সব সময়ই দ্বিতীয় সুযোগ পাবেন। তবে আমি আশা করব, এবারও সবকিছু আমাদের পক্ষেই যাবে।’তিন বছর আগের ওই ম্যাচে চেলসি বার্সার সব সাজানো আক্রমণ থামিয়ে দিয়েছিল তাদের অটুট-অটল রক্ষণে। পুরো ম্যাচে চেলসির গোলবারে একটাই শট নিতে পেরেছিল বার্সা। ওই শটেই গোল এনে দিয়েছেন ইনিয়েস্তা। আজ আবারও রক্ষণের বজ্র আঁটুনির সামনে পড়বে পেপ গার্দিওলার দল। ওই বছর থেকেই বার্সা দুর্দান্ত গতিতে ছুটছে। সর্বশেষ তিন আসরের দুবারই চ্যাম্পিয়ন স্প্যানিশ পরাশক্তি।বার্সা এখন অনেকের মতে ‘ভিন গ্রহের’ ফুটবল খেলে। তবে নিজেকে বার্সেলোনার ভক্ত পরিচয় দেওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলছেন, ‘প্রতিটি ম্যাচই শুরু হয় ৫০-৫০ সম্ভাবনা নিয়ে। আমরা নিজ যোগ্যতাবলেই সেমিফাইনালে উঠে এসেছি। ওদের প্রতি আমাদের সমীহ আছে। তবে ভয় পেলে চলবে না। আমাদের খেলা দিয়েই আমরা ওদের মুখোমুখি হব। এমনিতে খেলা দেখার সময় আমি চাই বার্সাই জিতুক। কিন্তু নিজেদের সামর্থ্যের ওপরই আমার আস্থা আছে।’দুই দলের মধ্যে আসল ব্যবধান যে একজনই গড়ে দিতে পারেন, এই তথ্যও ল্যাম্পার্ডের অজানা নয়। ২০০৯ সাল থেকেই নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া লিওনেল মেসি আর একটি গোল পেলে গড়বেন নতুন রেকর্ড। ভেঙে দেবেন ১৯৬২-৬৩ মৌসুমে গড়া এসি মিলানের হোসে আলতাফিনির ১৪ গোলের রেকর্ড। ল্যাম্পার্ডের দৃষ্টিতে মেসি সামর্থ্যে, শক্তিতে ছাপিয়ে গেছেন ম্যারাডোনাকেও, ‘ম্যারাডোনাকে দেখে দেখেই আমি বেড়ে উঠেছি। তিনিই আমার আদর্শ। তার পরও বলছি, মেসি তাঁকে ছাপিয়ে গেছে। এক মৌসুমে ৭০-এর কাছাকাছি গোল করা রীতিমতো অবিশ্বাস্য। ও এর যোগ্যও।’চেলসিকে প্রত্যয়ী করে তুলছে রবার্তো ডি মাত্তেওর জাদুকরি ছোঁয়া। কোচ হয়ে আসার পর দলের খোলনলচেই পাল্টে দিয়েছেন এই ইতালিয়ান। তাঁর অধীনে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে চেলসি। গত রোববার এফএ কাপের সেমিফাইনালে টটেনহামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি, যা ইংলিশ পরাশক্তির কাছে আজকের ম্যাচের জন্য আত্মবিশ্বাসের বাড়তি রসদও। সবচেয়ে বড় কথা, ঘরের মাঠে চেলসি পাশে পাবে বিশাল সমর্থক দলকেও।নিজেদের মাঠে বার্সার অনন্য রেকর্ডও যদি মাথায় রাখে, যা করার এই ম্যাচেই করে ফেলতে চাইবে ব্লুরা। সব মিলে বার্সার সামনে অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষা। অপেক্ষা করছে প্রতিশোধের নেশায় ফুঁসতে থাকা এক প্রতিপক্ষ! এএফপি, রয়টার্স।