
ম্যাচ শেষ হতেই গ্যালারি থেকে একদল সমর্থক নেমে এল সবুজ টার্ফে। কেউ একজন বিশাল একটা পতাকা এনে লাল-সবুজ পতাকায় ঢেকে দিলেন বাংলাদেশ দলকে। খেলোয়াড়েরা দিলেন ‘ল্যাপ অব অনার’। পূর্ব দিকের ডাগ-আউটের পাশে গিয়ে গোল হয়ে শুরু করলেন গ্যাংনাম নাচ। এই দিনটার জন্যই যে এত দিন অপেক্ষায় ছিলেন মামুনুররা। কাল এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে ওমানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। প্রত্যাশামতো চ্যাম্পিয়নই হয়েছে বাংলাদেশ, ওমানকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা।
২৬ আগস্ট, ২০১৩ তারিখটা বাংলাদেশের হকির জন্য ছিল দুঃস্বপ্নের। লজ্জারও। এশিয়া কাপ হকিতে ওমানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছিল ৪-২ গোলে। এরপর ছয় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। এমনকি টুর্নামেন্ট শুরুর আগে বড় কোনো দলের সঙ্গে খেলেনি কোনো প্রস্তুতি ম্যাচও। অথচ টানা পাঁচ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
আগামী সেপ্টেম্বরে ইনচন এশিয়ান গেমসে যাওয়ার টিকিট গ্রুপ পর্বেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু আসল লড়াইটা তুলে রেখেছিল ওমানের জন্য। প্রতিশোধের লড়াইয়ে এতটুকু ছাড় দেয়নি স্বাগতিকেরা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচগুলো জেতে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিন্তু ওমানের সঙ্গে খেলেছে দুর্দান্ত হকি।
অধিনায়ক মামুনুর রহমান চয়ন কাল ম্যাচ শেষে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন, ‘এশিয়া কাপের ওই ম্যাচে হারের পর থেকেই পণ করেছিলাম, ওমানকে হারাতে হবে। মনে মনে আমি ওমানকেই ফাইনালে চেয়েছিলাম। ওদের হারিয়ে প্রতিশোধ নিয়েছি, খুব ভালো লাগছে।’ ফাইনালের ম্যাচসেরা মিমোর কণ্ঠেও অধিনায়কের প্রতিধ্বনি, ‘এই ম্যাচের জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম।’
ম্যাচের ১৩ মিনিটে চয়নের পেনাল্টি কর্নার থেকে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে রজব সমতায় ফেরান ওমানকে (১-১)। গোল খেয়ে খোঁচা খাওয়া বাঘের মতো জ্বলে ওঠে বাংলাদেশ। প্রতি-আক্রমণ থেকে নিলয় করেন ২-১। মিমো ৪৫ মিনিটে করেন ৩-১। শেষ চার মিনিটে হয়েছে তিন গোল। ৬৫ মিনিটে চতুর্থ গোলটি নিলয়ের। ৬৯ মিনিটে আবারও মিমোর গোল। শেষ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন নান্নু।
উচ্ছ্বসিত কোচ নাভিদ আলমের মুখে ছাত্রদের স্তুতি, ‘এশিয়া কাপে বাজে খেলেছিলাম। এই ম্যাচ জিততে তাই মরিয়া ছিল ছেলেরা। সবাই দুর্দান্ত খেলেছে। আমি খুব খুশি।’ তবে তৃপ্তি নিয়েও তিনি ভুলছেন না বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রয়োজনীয়তা, ‘এখন থেকে যেন বেশি বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেয় ফেডারেশন। ভারত, পাকিস্তান, চীন, জাপান যারা র্যাঙ্কিংয়ে আমাদের ওপরে আছে, খেলতে চাই ওদের সঙ্গে।’