প্রতিশোধের আশায় নড়বড়ে ভারত
র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে ইংল্যান্ড সফরে গিয়ে ৪ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ। পরে ওয়ানডে সিরিজটাও ভারত হেরেছিল ৩-০-তে। মাস দুয়েকের ব্যবধানে পিঠাপিঠি সিরিজে মহেন্দ্র সিং ধোনির দল অবশ্য দেশের মাটিতে ইংল্যান্ডকে ৫-০-তে হারিয়ে ওয়ানডের জ্বালাটা মিটিয়েছিল। কিন্তু টেস্টে ধবলধোলাইয়ের জ্বালা?এটিরও বদলা নেওয়ার সুযোগ ভারত পেয়ে যাচ্ছে আজ থেকেই। আজ আহমেদাবাদ টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। এবারও ৪ ম্যাচের টেস্ট সিরিজ। ষোলআনা প্রতিশোধ নেওয়ার আদর্শ মঞ্চ! সিরিজ সূচক টেস্টটি খেলতে মুম্বাই থেকে আহমেদাবাদে রওনা হওয়ার আগে ভারতীয় দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলিউডের চলচ্চিত্র সান অব সরদার-এর প্রিমিয়ার শোতে। হাস্য রসাত্মক চলচ্চিত্রটির বিজ্ঞাপনে বলা হয়, ‘এই দিওয়ালিতে প্রতিশোধ হবে মজার।’ ইংল্যান্ড সিরিজের আগে নিজেদের প্রতিশোধস্পৃহাকে প্রতিজ্ঞার অস্ত্র বানাতে ভারতীয় ক্রিকেটাররা এর চেয়ে উদ্দীপক আর কী পেতে পারতেন?অনুমিতভাবেই ইংলিশদের আটকাতে ভারত পেতেছে স্পিন-ফাঁদ। বছর দেড়েক আগে নিজেদের মাটিতে ইংল্যান্ড তাদের ‘চাহিদা মতো বাউন্সি উইকেট বানিয়ে ধরাশায়ী করেছিল ভারতকে। ধোনিও আগে থেকেই জানিয়ে দিয়েছেন, তাঁর স্পিন উইকেট চাই। কিন্তু তারপরও কথা থেকে যায়। ভারত যেমন লেলিয়ে দেবে অশ্বিন-ওঝা-হরভজনদের, ইংল্যান্ডেরও তো আছে সোয়ান-পানেসার।অশ্বিন-ওঝাদের চেয়ে সোয়ান-পানেসারদের বিপক্ষে রান তোলাটা সহজ হবে? প্রশ্নটা বড় হয়ে উঠছে অন্য একটা কারণেও। ধোনির এই দলটাকে অনেকেই আখ্যা দিয়েছেন সাম্প্রতিক সময়ের ভারতের সবচেয়ে নড়বড়ে দল! রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ অবসর নিয়েছেন। তাঁদের শূন্যস্থান চেতেশ্বর পূজারা, মুরালি বিজয় বা অজিঙ্কা রাহানেরা কতটুকু পূরণ করতে পারবেন সময়ই বলবে।শুধু কি তাই? শেবাগ-গম্ভীর-টেন্ডুলকারদের ব্যাটেও রানখরা। গম্ভীরের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি সেই ২০১০ সালে জানুয়ারিতে, শেবাগের ২০১০ সালের নভেম্বরে, টেন্ডুলকারের ২০১১ সালের জানুয়ারিতে। যুবরাজ সিং ফিরেছেন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে। বোলিংয়ের প্রধান অস্ত্র জহির খানের সর্বশেষ ৫ উইকেট শিকার ২০১০ সালের অক্টোবরে। এর মধ্যে জ্বরের কারণে আবার প্রথম টেস্টে খেলতে পারছেন না পেসার ইশান্ত শর্মা। ভারতের একমাত্র আস্থার জায়গা, ইংলিশদের স্পিন দুর্বলতা। অনেকে পিটারসেনকে নিয়ে ইংল্যান্ড দলে অস্বস্তির বাতাবরণকেও টানছেন। যদিও অফ স্পিনার গ্রায়েম সোয়ান আশাবাদী, ব্যাট হাতে ঠিকই আলো ছড়াবেন কেপি। সব মিলিয়ে ইংল্যান্ড স্বপ্ন দেখছে ভারতের মাটিতে ২৭ বছর পর টেস্ট সিরিজ জয়ের। ইংল্যান্ড ভারতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল সেই ১৯৮৪-৮৫ মৌসুমে। ভারতের পাতা ‘স্পিন-ফাঁদে’ যাতে আটকা পড়তে না হয়, সেজন্য ইংল্যান্ড প্রস্তুতি নিয়েছে ভালোভাবেই। খেলেছে তিনটি প্রস্তুতি ম্যাচ। ম্যাট প্রায়র বলছেন, ‘পূর্ণ প্রস্তুতি নিয়েই টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি আমরা।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।