প্রতিশোধের কথা ভাবেননি ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরে গিয়ে বিধ্বস্ত হয়ে ফিরে আসার পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজের সূচনাটা বেশ ভালোভাবেই করেছে ভারত। প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়েছে ১২৬ রানের বড় ব্যবধানে। ইংল্যান্ডের এই ফিরতি সফরটাকে ভারতের প্রতিশোধের সিরিজ বলে আখ্যায়িত করা হলেও এখন ব্যাপারটা সে রকমভাবে দেখছেন না মহেন্দ্র সিং ধোনি। প্রতিশোধ নয়, বরং এটাকে তরুণ ভারতীয় ক্রিকেটারদের সক্ষমতা প্রমাণের মঞ্চ হিসেবেই উল্লেখ করেছেন ভারতীয় অধিনায়ক।গতকাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি বলেছেন, ‘আমার মনে হয়, প্রতিশোধ অনেক কঠিন একটা কথা। ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে আমরা ভালোই খেলেছিলাম। জেতার মতো রানও করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টির বাধায় আমরা জয়ের দেখা পাইনি। এই সিরিজে তরুণ ক্রিকেটারদের সক্ষমতা প্রমাণের সুযোগ তৈরি করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। এ জয়টাও আমরা পেয়েছি একটা লম্বা সময় পরে। অবশ্যই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। টানা অনেকগুলো ম্যাচে হারের স্বাদ পেলে খেলাটা আর উপভোগ করা যায় না।’সিরিজের প্রথম ম্যাচে গতকাল টসে জিতে খুব একটা আশা-জাগানিয়া পারফরমেন্স দেখাতে পারেননি ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। ২৯ ওভারের মধ্যে ১২৪ রানেই ফিরে গিয়েছিলেন প্রথম চার ব্যাটসম্যান। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন ধোনি। ৭০ বলে হার না মানা ৮৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে তিনিই ভারতকে গড়ে দিয়েছিলেন এই জয়টার ভিত্তি। এই ইনিংসটাকে নিজের ক্যারিয়ারেরই অন্যতম মূল্যবান ইনিংস বলে আখ্যায়িত করেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের এ অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি সাধারণত আমার পারফরমেন্সকে বিশেষায়িত করি না। কিন্তু এই ইনিংসটা সত্যিই খুব মূল্যবান। এর আগেও আমার ব্যাট থেকে আরও কিছু ভালো ইনিংস এসেছে। আর এটা নিঃসন্দেহে সেগুলোর মধ্যে অন্যতম।’ পিটিআই।