প্রতিশোধের খোঁজে ব্রাজিল-স্পেন
প্রীতি আর প্রতিশোধ শব্দ দুটি যে দুই মেরুর লুসিও-রবিনহোরা কি তা জানেন না! জানেন ইনিয়েস্তা-ভিয়ারাও। তবু আজ হল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রতিশোধের আগুন নিয়েই নামবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচে প্রতিশোধের আগুন জ্বলবে ভিয়া-ইনিয়েস্তাদের বুকেও।গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেই বিসর্জন গিয়েছিল ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বিশ্বকাপের পর এই প্রথম হল্যান্ডকে সামনে পেয়ে প্রতিশোধস্পৃহা না জেগে পারেই না ব্রাজিলের। স্পেন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল বিশ্বকাপের আগে, কনফেডারেশনস কাপের সেমিফাইনালে। তারপর দুই দলের এই প্রথম দেখা। গইয়ানিয়াতে প্রতিশোধের ম্যাচে ব্রাজিলের কোচ মানো মেনেজেস দলে রাখেননি প্লে-মেকার কাকাকে। চোটের জন্য পাচ্ছেন না সান্তোসের তারকা মিডফিল্ডার পাওলো হেনরিক গানসো আর এসি মিলানের আলেসান্দ্রে পাতোকেও। তবে হল্যান্ডের কাছে হারের জ্বালা বুকে নিয়ে আছেন লুসিও-রবিনহোরা। সঙ্গে সান্তোস স্ট্রাইকার নেইমারও। পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে না পারার আক্ষেপ ডাচ কোচ বার্ট ফন মারউইকেরও। মাত্রই ইউরোপের লিগগুলো শেষ হয়েছে। খেলোয়াড়দের কেউ আছেন ছুটির মেজাজে, কেউ আবার চোট নিয়ে মাঠের বাইরে। মারউইক হল্যান্ডে রেখে আসতে বাধ্য হয়েছেন ফন ডার ফার্ট, মার্টিন স্টেকেলেনবার্গ, ওয়েসলি স্নাইডার, ফন বোমেলদের।কিছুদিন ধরে এঁদের কয়েকজনকে ছাড়াই অবশ্য ভালো খেলছে হল্যান্ড। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর কোনো ম্যাচই হারেনি তিনবারের বিশ্বকাপ ফাইনালিস্টরা। আর ব্রাজিল তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতে ফ্রান্সের কাছে হেরেছে ১-০ গোলে।স্পেনের যেমন প্রতিশোধ, বোস্টনে যুক্তরাষ্ট্র তেমনি প্রীতি ম্যাচের নামে সেরে নেবে ১২ জাতি গোল্ডকাপের প্রস্তুতি। তবে এই প্রীতি ম্যাচেও প্রতিশোধের আগুন চোখে নিয়ে স্পেন যুক্তরাষ্ট্রে গেছে পুরো শক্তির দল সাজিয়ে। ইউরো ও বিশ্বকাপ বিজয়ী স্পেনের এই দলে আছেন চ্যাম্পিয়নস লিগ জেতা বার্সেলোনার ছয়জন খেলোয়াড়। এএফপি, ওয়েবসাইট।