প্রতিশোধের স্বপ্ন ইসিনবায়েভার
অন্ধকারে অনেক দিন হয়ে গেল। এবার আলোয় ফিরতে চান ইয়েলেনা ইসিনবায়েভা। খ্যাতির আলোয়, প্রচারের আলোয়, ঝলমলে পারফরম্যান্সের আলোয়। আলো ঝলমলে সেই মঞ্চে ফেরার সিঁড়ি আগামীকাল দক্ষিণ কোরিয়ার দেগুতে শুরু অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ।একটা সময় ছিল, যখন মেয়েদের পোল ভল্টে ইসিনবায়েভার প্রতিপক্ষ ছিলেন ইসিনবায়েভাই। একের পর এক রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে উঠেছিলেন। ইনডোর-আউটডোর মিলে ২৭টি রেকর্ড তো আছেই, প্রথম নারী অ্যাথলেট হিসেবে ৫ মিটারের বাধা ডিঙিয়ে যাওয়া পোল ভল্টারও তিনি। কিন্তু সেই সুসময় অনেক দিন থেকেই নেই। ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনো পদকই পাননি। গত ইনডোর চ্যাম্পিয়নশিপেও হয়েছেন চতুর্থ। ২০০৮ সালে আউটডোরে নিজের ১৭ নম্বর রেকর্ডটি গড়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন। অনেক দিন সেভাবে খবরেই ছিলেন না। মাঝখানে তো স্বেচ্ছা অবসর নিয়ে দীর্ঘ সময়ের জন্য চলে গেলেন আড়ালে। তাঁর অনুপস্থিতিতে পোল ভল্টের নতুন রানি হিসেবে আবির্ভাব পোল্যান্ডের আনা রোগোস্কার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুটটাও এখন এই রোগোস্কারই দখলে। গত মার্চে প্যারিসে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপেও জিতে এই পোলিশ বার্তা দিয়েছেন, তিনি আছেন ঠিক পথেই।ঠিক পথে আছেন ইসিনবায়েভাও। সাময়িক অবসর ভেঙে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন। তবে সে সময় ইনডোরেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত মাসে অংশ নিয়েছেন বেলজিয়ান মিটে। সেটি ছিল ২০০৯ সালের সেপ্টেম্বরের তাঁর প্রথম আউটডোর প্রতিযোগিতায় অংশ নেওয়া। ঝোড়ো বাতাসের প্রতিকূলেও ওই মিটে ইসিনবায়েভা লাফিয়েছেন ৪.৬০ মিটার। তাঁর সেরা পারফরম্যান্স ৫.০৬ মিটারের তুলনায় যেটি খুবই সাদামাটা। তবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য ওই মিটে তাঁর জয়টা ছিল জরুরি। দুবারের অলিম্পিক আর বিশ্ব চ্যাম্পিয়ন ইসিনবায়েভার জন্য এবারের আসরও খুবই গুরুত্বপূর্ণ। ২৯ বছর বয়সেই যে ফুরিয়ে যাননি, প্রমাণ করতে হবে এটি। প্রতিশোধ নিতে হবে আনা রোগোস্কার বিরুদ্ধে, পোল্যান্ডের যে তরুণীর মাথায় এখন বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট। নতুন এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে আবারও নিজের প্রথম কোচ ইয়েভজেনি ত্রোফিমভের কাছেও ফিরে গেছেন। দেগুতে পা রেখেই ত্রোফিমভ জানিয়ে দিয়েছেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্যই বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা। ইয়েলেনা আমার কাছে ফিরে আসার পর এরই মধ্যে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। ওর আত্মবিশ্বাসও ফিরেছে। আমার এতে কোনো সন্দেহই নেই, নিকট ভবিষ্যতেই ওর কাছ থেকে আমরা নতুন বিশ্ব রেকর্ড পাব।’ এএফপি।আর ইসিনবায়েভা নিজে কী বলছেন? বলেছেন, ‘আমি ২০১১ চ্যাম্পিয়নশিপ জিততে চাই, ২০১২ অলিম্পিকও। এবং অবশ্যই আরও কিছু রেকর্ড গড়তে চাই। আমি আত্মবিশ্বাসী, কোরিয়ায় অবশ্যই ভালো কিছু করতে পারব, দুই বছর আগে বার্লিনের প্রতিশোধ নেব।’