সংবাদমাধ্যম লিখলে তারা একটু নড়েচড়ে বসে। নইলে পাতানো খেলা ধরতে বাফুফের নিজস্ব কোনো উদ্যোগ নেই। মাঠে ম্যাচ দেখার লোকও পাওয়া যায় না বাফুফের। পুরোপুরিই সংবাদমাধ্যমের ওপর নির্ভর করছে পুরো বিষয়টা। যেমনটা হলো পরশু শেখ জামাল-ব্রাদার্স ম্যাচ নিয়েও।আশ্চর্যের ব্যাপার, কাল বাফুফে ভবনে গিয়ে দেখা গেল, আগের দিনের প্রশ্নবিদ্ধ শেখ জামাল-ব্রাদার্স ম্যাচটার তদন্ত কর্তাদের অগ্রাধিকার তালিকার অনেক পেছনে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী তাঁর কক্ষে ব্যস্ত সময় কাটালেন অন্য কাজে। অন্য কর্তারাও ভাবলেশহীন। যেন কিছুই হয়নি! লিগ কমিটির কো-চেয়ারম্যান আবদুর রহিম পত্রিকা দেখতে দেখতে বললেন, ‘সবাই তো পাতানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে লিখেছে। কিন্তু কথা হলো, পাতানো খেলা প্রমাণ করবেন কীভাবে? এটা তো প্রমাণ করা অনেক কঠিন।’ তাঁকে মনে করিয়ে দেওয়া হলো, গত বছরই শেখ জামাল-রহমতগঞ্জকে পাতানো খেলার জন্য জরিমানা করা হয়েছে, তাহলে সেটি কীভাবে করা হলো? এবার তিনি যুক্তিটা মেনে নিয়ে বললেন, ‘অভিযোগ যখন উঠেছে, ম্যাচের ভিডিও দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ব্যবস্থা কবে নেওয়া হবে, সেটি অজানা। বাফুফের কোনো তাড়া নেই। মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এটি দেখে বললেন, ‘বিষয়টা নিয়ে তো হইচই পড়ে যাওয়ার কথা। কিন্তু কই, কিছুই তো দেখছি না।’পাতানো খেলা বন্ধে গত বছর দেওয়া অনেক প্রতিশ্রুতিই রাখেনি বাফুফে। ছয় সদস্যের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি করার কথা বলা হলেও করা হয়েছে চার সদস্যের। এঁরা সবাই আবার ফুটবল অঙ্গনের বাইরের মানুষ। মাঠে আসেন না বা আসাটা তাঁদের কাজও নয়! কমিটিতে একজন করে দুর্নীতি দমন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দেওয়ার কথা বাফুফের, কিন্তু লিগ শেষ হতে চললেও তা দেওয়া হয়নি। সভাপতি কাজী সালাউদ্দিন গত বছর বলেছিলেন, প্রয়োজনে পাতানো ম্যাচ শনাক্ত করতে বিদেশি বিশেষজ্ঞ আনা হবে। কিন্তু ওই কথাটাকে এখন মনে হচ্ছে ক্রন্দনরত শিশুর হাতে চকলেট তুলে দেওয়া। কোনো বিদেশি বিশেষজ্ঞ আনা হয়নি। নেওয়া হয়নি কোনো গোয়েন্দা সহায়তা। এখানেই শেষ নয়। বাফুফে ম্যাচ ভিডিও করে বিয়েবাড়ির অনুষ্ঠান ভিডিও করার মতো নিম্নমানের ক্যামেরা দিয়ে! যিনি ভিডিও করেন ফুটবল সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই।এভাবেই চলছে সবকিছু। কোনো পরিবর্তন নেই। প্রথম পর্বে ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচ সংবাদমাধ্যমের পাতানো ম্যাচের সন্দেহ তালিকায়। তারই ভিত্তিতে তদন্ত শুরু করে দুই মাসেও কূলকিনারাহীন বাফুফে। পাতানো খেলা শনাক্তকরণ কমিটির প্রধান বিআরডিবির মহাপরিচালক হুমায়ুন খালিদ এ ব্যাপারে কাল বললেন, ‘ওই ম্যাচ নিয়ে আমরা গত সোমবারও সভা করেছি। বিভিন্ন অ্যাঙ্গেলে বিশ্লেষণ করেছি। একজন বিশেষজ্ঞের মতামত নিয়ে আমরা নিরপেক্ষ প্রতিবেদন দেব।’ পরশুর ম্যাচ নিয়ে তাঁর কথা, ‘পত্রিকার মাধ্যমে (পরশু) বিষয়টা আমরা জেনেছি। বিষয়টা দেখব।’বাফুফের নির্লিপ্ততায় সেটিও না দীর্ঘদিনের জন্য ঝুলে যায়!