প্রতীক্ষার অবসান ইসিনবায়েভার

ইসিনবায়েভা না জিতলে তা মস্কোর দর্শকদের জন্য আঘাত হয়েই দেখা দিত। স্টেডিয়ামভর্তি দর্শক যেন পোল ভল্টের রানির বিশ্বজয়ই দেখতে এসেছিলেন। দর্শকদের গগনবিদারি চিত্কারের মধ্যে দুইবারের বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন লাফালেন একাগ্র-মননে। নিজের রেকর্ডকে ছাড়িয়ে যেতে না পারলেও বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুটটা ঠিকই নিজের করে নিলেন ৩১ বছর বয়সী ইসিনবায়েভা।
কাল তিনি লাফিয়েছেন ৪.৮৯ মিটার। চার বছর অপেক্ষার পর এই বিজয়। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে জয়ের পর দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হয়েছে এই রুশ পোল ভল্টারকে। নিজের মাটিতে সেই অসহ্য প্রতীক্ষার অবসান ঘটার পর উদযাপনটাও ইসিনবায়েভা করলেন দেখার মতোই। মস্কোর দর্শকেরাও যাঁর যাঁর জায়গা থেকেই মিশে গেলেন সর্বকালের সেরা এই নারী পোল ভল্টারের উদযাপনের সঙ্গে।

কালকের এই জয়কে ক্যারিয়ারের শ্রেষ্ঠ সাফল্য বলে আখ্যায়িত করলেন ৩১ বছর বয়সী এই অ্যাথলেট, ‘আমি পোল ভল্টের রানি। এই দর্শকেরা আমার। এটা আমার গোটা ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান জয়।’ সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতার কমতি নেই ইসিনবায়েভার, ‘ঘরের মাঠ বলেই আমি জিতেছি। সমর্থকদের ধন্যবাদ। তাঁদের সমর্থনের ফলেই এটা সম্ভব হয়েছে।’
২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফর্মের তুঙ্গে ছিলেন ইসিনবায়েভা। তবে ২০০৯ সাল থেকে শুরু হয় বিপর্যয়। ইনজুরি সমস্যা দেখা দেয়, ফর্মও পড়তে থাকে আশঙ্কাজনকভাবে। গত মাসে পোল ভল্টের রানি ঘোষণা দেন, এবারের বিশ্বচ্যাম্পিয়নশিপটাই তাঁর শেষ। কিন্তু সপ্তাহ দুয়েক পরই নিজের অবস্থান থেকে সরে আসেন ইসিনবায়েভা। জানিয়ে দেন, মস্কোতে সোনা জিততে পারলেও ক্যারিয়ারের বিদায়ঘণ্টা বাজাবেন না তিনি। বড়জোর ‘বিরতি’ নিতে পারেন, যেমনটা এর আগেও নিয়েছেন। গতকাল সোনা জয়ের পরও একই কথা বললেন ইসিনবায়েভা, ‘এ মুহূর্তে অবসর নিচ্ছি না। কিছু সময় বিশ্রামে যাচ্ছি। আগামী বছর আমি মা হতে চাই। চেষ্টা করব রিওতে (২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিক) ফিরে আসার।’ সূত্র: রয়টার্স।