প্রতীক্ষার স্কুল ফুটবল শুরু আজ
বেশ কয়েক মাসের প্রস্তুতি শেষ। অবশেষে আজ মাঠে গড়াচ্ছে জাতীয় স্কুল ফুটবল ইসলামী ব্যাংক টুর্নামেন্ট। শুরুতে হচ্ছে ঢাকা মহানগরীর খেলা। ৬৪টি দল নিয়ে ৬টি ভেন্যুতে খেলা। গ্রুপ আটটি। এই আট গ্রুপের সেরা দল নিয়ে রাউন্ড রবিন লিগভিত্তিক খেলা হবে এরপর। আজ বেলা আড়াইটায় কাকলি হাইস্কুল ও গভ. ল্যাবরেটরি স্কুলের ম্যাচ দিয়ে বিশাল এই যজ্ঞের উদ্বোধন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এরপর আর ম্যাচ নেই। এটি ধানমন্ডি ভেন্যুর ম্যাচ। এ ছাড়া খেলা হচ্ছে ইস্টএন্ড ক্লাব মাঠ, খিলগাঁও হাইস্কুল মাঠ, উত্তর ফ্রেন্ডলি সোশ্যাল মাঠ, পলাশী আবদুল আলীম মাঠে। ষষ্ঠ ভেন্যুটি এখনো ঠিক হয়নি।ঢাকা মহানগরীর খেলা শেষে শুরু হবে দেশব্যাপী। সারা দেশের ৪৮০০ স্কুলের প্রায় এক লাখ স্কুলছাত্র এই টুর্নামেন্টে খেলার কথা। আয়োজনে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সার্বিক সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়।স্কুল ফুটবল এর আগেও হয়েছে। টুর্নামেন্টের আগে অনেক প্রতিশ্রুতি আসে। কিন্তু শেষ হওয়ার পর ধারাবাহিকতা থাকে না। এমনকি খেলোয়াড় তৈরির এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের কথা বরাবর বলা হলেও এটি অনিয়মিত। সবচেয়ে বড় বিষয়, প্রতিভাবান স্কুলছাত্রদের দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতিও রাখতে পারে না ফেডারেশন। তবে এবার স্কুল ফুটবল কমিটি বলছে, এখন থেকে টুর্নামেন্টটি নিয়মিত হবে। কমিটির কো-চেয়ারম্যান সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের কথা, ‘অনেক কাঠখড় পুড়িয়ে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আশা করি, সব বাধা এড়িয়ে সফলভাবে শেষ করতে পারব এবং এখন থেকে স্কুল ফুটবল নিয়মিতই মাঠে থাকবে। প্রশিক্ষণের ধারাবাহিকতাও থাকবে আশা করি।’