প্রত্যয় নিজেকেই ছাড়িয়ে যাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। সঞ্চালকের ঘোষণাটা তাই আবারও শোনার চেষ্টা করলেন। পাশে দাঁড়ানো ছোট ভাই বলল, ‘আপা, তোমার নামই বলেছে।’ মুহূর্তেই চোখে পানি এসে গেল মোল্লা সাবিরা সুলতানার। ২০০৫ সালের পর যে আবারও জিতলেন গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার। আনন্দাশ্রুটা আড়াল করতে পারলেন না এই ভারোত্তোলক।কান্না দিয়েই শুরু হয়েছিল সাবিরার অ্যাথলেট জগতে পা ফেলা। সেটা ১৯৯৭ সালের কথা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের খেলাধুলার কথা যেখানে কল্পনা করাও ‘পাপ’ বলে গণ্য হতো। জামায়াত-শিবিরের হুমকির জন্য ক্যাম্পাসে খেলতে পারতেন না। এ জন্য কত যে লুকিয়ে কেঁদেছেন। কাল গ্রামীণফোন-প্রথম আলোর পুরস্কার হাতে নিতেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়ল তাঁর, ‘আমার ইচ্ছা ছিল ভালো খেলোয়াড় হব। কিন্তু ওরা মাঠেই ঢুকতে দিত না আমাদের। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২৪ কিলোমিটার দূরের শহর কুষ্টিয়ায় যেতাম প্র্যাকটিস করতে। বিকেল চারটায় গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় ক্যাম্পাসে ফিরতাম। কী যে কষ্টের দিন ছিল। আজ মনে হচ্ছে, কষ্ট সার্থক।’সাবিরা কুষ্টিয়া শহরে ভারোত্তোলন নিয়ে থাকতেন, ওই শহরেই আরও পরে ক্রিকেট-কুঁড়ি হয়ে ফোটা এক কিশোরের নাম এনামুল হক (বিজয়)। এই কিশোর তাঁর কল্পনার আকাশটা টেনে নিয়ে যেত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন পর্যন্ত। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হওয়াটা এনামুলের সেই স্বপ্নপূরণের প্রথম সিঁড়ি। কাল পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘গত বছর টিভিতে দেখেছি অন্যদের নাম। পত্রিকার খেলার পাতায় দেখেছি অন্যের ছবি। আজ রাতে গিয়ে দেখব এবারের সেই ছেলেটা আমি। সকালে দেখব আমারই ছবি। ভাবতেই খুব ভালো লাগছে। তবে উদীয়মানের পর এখন বর্ষসেরা হতে চাই না। হতে চাই আইসিসির বর্ষসেরা খেলোয়াড়।’এনামুলের মতোই স্বপ্নের সীমানাকে আরও বাড়িয়ে নিতে চান রাসেল মাহমুদ জিমি। ২০০৪ সালে প্রথম আসরে জিতেছিলেন উদীয়মানের পুরস্কার। এবার বর্ষসেরা রানারআপ হয়েছেন জাতীয় হকি দলের স্ট্রাইকার। বাংলাদেশের হকির কিংবদন্তি আবদুস সাদেকের হাত থেকে পুরস্কার নিয়ে বললেন, ‘জীবনের প্রথম বড় পুরস্কার পেয়েছিলাম প্রথম আলো থেকে। তখন বলা হয়েছিল আমার কাঁধে বড় দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। ১০ বছর পর মনে হচ্ছে হয়তো দায়িত্বটা পালন করতে পেরেছি। এরপর বর্ষসেরা ক্রীড়াবিদ হলে খেলোয়াড়ি জীবন ধন্য হবে।’আরেক বর্ষসেরা রানারআপ ভারোত্তোলক বিদ্যুৎ কুমার রায় অনুষ্ঠানে আসতে পারেননি দেশের বাইরে থাকায়। তাঁর হয়ে পুরস্কার নিয়ে স্ত্রী রুমা রায় ছিলেন আবেগাপ্লুত, ‘ও জাতীয় পুরস্কার পেয়েছে। ক্রীড়া লেখক সমিতির পুরস্কার পেয়েছে। শুধু এটাই পাওয়া বাকি ছিল। সেটা পেয়েছে। আমার খুবই ভালো লাগছে।’গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারটা শুধু একটি ধাতব ট্রফি নয়, কিছু টাকাও নয়। সাবিরা, এনামুল, জিমিদের কাছে নিজেদের ছাড়িয়ে যাওয়ারও অনুপ্রেরণা।