প্রত্যাবর্তনের রাত
বক্সিং ডে-র ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য হয়ে থাকল প্রত্যাবর্তনের অসাধারণ এক কাহিনি।
ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, আর্সেনাল, নিউ ক্যাসল, ফুলহাম—প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে জয় নিয়ে। জিতেছে চেলসিও। তবে সবকিছু ছাপিয়ে এদিন সবচেয়ে রোমাঞ্চকর ছিল লিভারপুল কোচ ব্রেন্ডান রজার্সের ম্যাচ শেষের সংবাদ সম্মেলন। রেফারির সমালোচনায় বিতর্কিত মন্তব্য করে লিভারপুল কোচ নিজেই এখন কাঠগড়ায়। এফএর (ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন) মুখোমুখি তো হচ্ছেনই, পেতে পারেন শাস্তিও।
পরশু সিটি ও লিভারপুলের দ্বৈরথই ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এক আর তিনের লড়াইটা হয়েছেও দুর্দান্ত। সিটিকে কাঁপিয়ে দিয়ে ২৪ মিনিটে লিভারপুলকেই প্রথম এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার ফিলিপ কটিনহো। লিভারপুল এগিয়ে যেতে পারত ১৯ মিনিটেই। কিন্তু স্টার্লিংয়ের গোলটি অফসাইডের ছুতোয় বাতিল করেন রেফারি। রিপ্লে দেখিয়েছে, অফসাইডের সিদ্ধান্তটি ছিল বিতর্কিত। গোল খাওয়ার ৭ মিনিট পর সিটিকে সমতায় ফেরান অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। প্রথমার্ধের যোগ করা সময়ে করা আলভারো নেগ্রেদোর গোল সিটিকে জিতিয়েছে ২-১ গোলে। ম্যানুয়েল পেলেগ্রিনির দল ঘরের মাঠে জিতল মৌসুমের নয় ম্যাচেই।
ম্যাচ শেষে দলের প্রশংসার পাশাপাশি লিভারপুল কোচ ধুয়ে দিয়েছেন রেফারিকে। স্টার্লিংয়ের গোল বাতিল করাই শুধু নয়, রজার্সকে ক্ষুব্ধ করেছে রেফারির আরেকটি সিদ্ধান্তও। দ্বিতীয়ার্ধে সিটি ডিফেন্ডার লেসকট লুইস সুয়ারেজকে জার্সি টেনে ফেলে দিলেও রেফারি পেনাল্টি দেননি। ক্রুদ্ধ রজার্স রেফারি লি ম্যাসনের গায়ে সেঁটে দিয়েছেন ‘ম্যানচেস্টারের রেফারি’র সিল! ম্যাসনের বাড়ি বোল্টনে। আর বোল্টন বৃহত্তর ম্যানচেস্টারের অংশ। লিভারপুল কোচ বলেছেন, ‘আমরা অফিসিয়ালদের কোনো সাহায্য পাইনি। আমি মনে করি, তারা ছিল ভয়ংকর। কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি। আমি বিস্মিত যে আমরা ম্যানচেস্টারে একজন বৃহত্তর ম্যানচেস্টারের রেফারির অধীনে খেললাম। আশা করব, ভবিষ্যতে আমরা লিভারপুল-ম্যান সিটি ম্যাচে বৃহত্তর ম্যানচেস্টারের রেফারি পাব না। আমি এফএর কাছে প্রশ্ন তুলব।’ তিনি প্রশ্ন তুলবেন কী, এফএই তাঁকে ডেকে পাঠাচ্ছে!
লিভারপুলের পরাজয়ে লাভ হয়েছে আর্সেনালের। ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে আবার শীর্ষে উঠেছে আর্সেন ওয়েঙ্গারের দল। লিভারপুল এক থেকে নেমে গেছে চারে। আর্সেনালের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে দুইয়ে সিটি। সিটি শীর্ষে ওঠার সুযোগ অবশ্য পাচ্ছে আজই। বছরের শেষ ম্যাচটায় আজ তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। সোয়ানসিকে ১-০ গোলে হারিয়ে চেলসি উঠেছে তিনে। ১৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৩৯, সিটির ৩৮, চেলসির ৩৭, লিভারপুলের ৩৬! হাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডও স্বপ্ন উজ্জ্বল করেছে। ৩১ পয়েন্ট নিয়ে সাতে উঠে আসার পর কোচ ডেভিড ময়েস অন্তত মনে করছেন সেটাই।
পিছিয়ে পড়েও আর্সেনাল জিতেছে থিও ওয়ালকটের দুই এবং লুকাস পোডলস্কির এক গোলে। দ্বিতীয়ার্ধেই হয়েছে গোল চারটি। চেলসির স্ট্রাইকাররা আরেকবার ব্যর্থ হয়েছেন গোল পেতে। সোয়ানসির বিপক্ষে নিজেদের মাঠের ঘাম ঝরানো জয়ের নায়ক উইঙ্গার এডেন হ্যাজার্ড। তবে কোচ হোসে মরিনহো এ নিয়ে বিচলিত নন। এএফপি।