প্রত্যাশা পূরণ হয়নি ভিয়ার
বিশ্বকাপের পর এবারের ইউরোপিয়ান ফুটবল মৌসুমের শুরুতেই ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় এসেছিলেন ডেভিড ভিয়া। স্প্যানিশ লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে বার্সেলোনার হয়ে নতুন ক্যারিয়ারটা বেশ ভালোভাবেই শুরু করেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু তার পরও প্রত্যাশা পূরণ হয়নি তাঁর। স্পেনের হয়ে খেলার সময় জাভি আর ইনিয়েস্তা তাঁকে যেভাবে সমর্থন জোগান, এখানেও সে রকমটাই হবে বলে ভেবেছিলেন ভিয়া। কিন্তু ন্যু ক্যাম্পে তাঁকে কিছুটা ভিন্ন ভূমিকায় খেলানোর ফলে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কোচ পেপ গার্দিওলা ও বার্সা সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলেননি ভিয়া।এল পেইসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘বার্সেলোনার হয়ে খেলাটা অনেক বেশি চাপের। চুক্তি স্বাক্ষরের সময়ও এতটা কল্পনা করিনি। পুরো দলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটা আমার জন্য ছিল একটা বড় চ্যালেঞ্জ। আমাকে পুরো অন্য একটা ভূমিকায় খেলতে হয়েছে। আমি আমার গোটা ক্যারিয়ারে এভাবে খেলিনি। কিন্তু তার পরও যেভাবে সবকিছু ঘটেছে, তাতে আমি অনেকটাই খুশি।’বার্সা কোচ পেপ গার্দিওলার ভূয়সী প্রশংসা করে ভিয়া বলেছেন, ‘দানি আলভেজ একবার বলেছিল যে গার্দিওলা যদি তাকে জানালা দিয়ে লাফিয়ে পড়তে বলে, তো সে সেটাও করতে রাজি থাকে। গার্দিওলাকে নিয়ে এর বেশি আর কিছু বলার প্রয়োজন পরে না। তিনি তাঁর খেলোয়াড়দের চাহিদা সম্পর্কে খুব ভালোমতোই জানেন।’ ইএসপিএন।