প্রত্যাশা ভঙ্গের এক ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে এক দল গোল করেছে ৭টি, অন্য দল ৫টি। গ্রুপ পর্বে আগের দুই ম্যাচে ১২ গোল করে আসা সেই পর্তুগাল আর ব্রাজিল কাল ৯০ মিনিটে জালই খুঁজে পেল না। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের সবচেয়ে প্রার্থিত ম্যাচটি কিনা শেষ হলো ম্যাড়মেড়ে গোলশূন্য ড্রতে।এই পরাজয়ে ব্রাজিল-পর্তুগালের কোনো ক্ষতি হয়নি। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। রানার্সআপ হয়ে সঙ্গী পর্তুগাল। অন্য ম্যাচে ৯ গোলের ঘাটতি পুষিয়ে দ্বিতীয় রাউন্ডের অবিশ্বাস্য সমীকরণটা মেলাতে পারেনি আইভরিকোস্ট। ইয়া তোরে আর রোমারিকের গোলে ২০ মিনিটেই ২ গোলে এগিয়ে গিয়েছিল দিদিয়ের দ্রগবার দল। ৮২ মিনিটে সলোমন কালু করেন তৃতীয় গোল। তবে ৩-০ জয়ও কি আর সান্ত্বনা হতে পারে আইভরিকোস্টের জন্য!শুধু আনুষ্ঠানিকতার ম্যাচ বলেই কি না, ব্রাজিল-পর্তুগালের খেলায় সেই জিগীষাই খুঁজে পাওয়া গেল না! দুই দল মিলিয়ে গোল শটই নিতে পেরেছে মাত্র ৫টি। প্রথমার্ধে অবশ্য যুদ্ধংদেহী একটা মনোভাব ছিল, রেফারিকে তাই হলুদ কার্ড বের করতে হয়েছে সাতবার। এ কারণে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের বাড়তি সাবধান থাকাটাও হয়তো ম্যাচটার সর্বনাশ করেছে।গোলের সুযোগ অবশ্য তার পরও পেয়েছিল দুই দলই। ব্রাজিল সবচেয়ে কাছাকাছি। ৩০ মিনিটে ব্রাজিলের নিলমারের শট পর্তুগিজ গোলরক্ষকের হাতে লাগার পর বারে লেগে ফিরে আসে। আট মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে উড়ে আসা মাইকনের ক্রস খুঁজে পেয়েছিল লুইস ফ্যাবিয়ানোকে। কিন্তু ফ্যাবিয়ানো খুঁজে নিতে পারেননি জাল।দ্বিতীয়ার্ধে গোলের দু-তিনটি সুযোগ কাজে লাগাতে পারেনি পর্তুগাল। ৫৯ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটাই পেয়েছিলেন রাউল মিরেলেস। বিপজ্জনক গতিতে ব্রাজিলের বক্সে ঢুকে পরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠেকাতে উল্টো মিরেলেসের দিকে বল ঠেলে দেন লুসিও। সহজ সুযোগের অপচয় করেন পর্তুগিজ মিডফিল্ডার। মিরেলেসের সঙ্গে ঠোকাঠুকিও লেগে যায় হুলিও সিজারের। শুশ্রূষা নিতে হয় ব্রাজিলিয়ান গোলরক্ষককে।গোল করতে না-পারাটা ব্রাজিলকেই বেশি পোড়ানোর কথা। ১৯৭৮-এর পর এই প্রথম বিশ্বকাপের প্রথম রাউন্ডের কোনো ম্যাচে গোলহীন থাকল তারা। বিশ্বকাপে যেকোনো পর্বে সর্বশেষ কোনো গোলশূন্য ড্র ম্যাচ ব্রাজিল খেলেছে সেই ১৯৯৪ আসরের ফাইনালে। পর্তুগালের বিপক্ষে ব্রাজিলের গোলশূন্য ম্যাচও হলো সেই ১৯৬৫ সালের পর এই প্রথম। অবশ্য কোচ কার্লোস কুইরোজের অধীনে পর্তুগিজরা গোল না খাওয়ার ব্যাপারে বেশ ‘দক্ষ’ হয়ে উঠছে। সর্বশেষ ১৯ ম্যাচের ১৬টিতেই কোনো গোল খায়নি তারা।১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম কোনো আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোই জেতা হলো না ব্রাজিলের। তবে পুরো ৯ পয়েন্ট না পেলেও গ্রুপ চ্যাম্পিয়নই হলো কার্লোস দুঙ্গার দল। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটি অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি।