প্রত্যাশার চাপ নিতে প্রস্তুত নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিকো
জিকো

কয়েক মাস ধরে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম নেইমারকে নিয়ে বেশ সরগরম৷ প্রায় সবারই আলোচনার বিষয় বার্সেলোনায় নেইমারের প্রথম মৌসুম এবং তার দলবদলবিষয়ক বিতর্ক। আমি ব্রাজিল সমর্থকদের আশঙ্কা দেখে একটু অবাক হচ্ছি। প্রথমত, কনফেডারেশনস কাপে পরমকাঙ্ক্ষিত ১০ নম্বর জার্সি গায়ে চার গোল করে নেইমার এর মধ্যে প্রমাণ করেছে সমর্থকদের প্রত্যাশার চাপ নিতে সে প্রস্তুত।
তুলনামূলক বিচারে নেইমার এখন ব্রাজিলের সেরা খেলোয়াড়, কিন্তু অন্য দলগুলোর তুলনায় সেলেসাওদের পরিস্থিতি ভিন্ন। লিওনেল মেসির কথাই ধরুন, পুরো আর্জেন্টিনা দল ওকে কেন্দ্র করে খেলে। কিন্তু ব্রাজিলের খেলা নেইমারনির্ভর নয়। নেইমার নিঃসন্দেহে ব্রাজিলের বিশ্বকাপে ভালো খেলার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তার অনুপস্থিতি লুইস ফেলিপে স্কলারি খেলার ধরন পরিবর্তন করবেন না, যেখানে মেসির চোট আর্জেন্টিনা দলের শিরঃপীড়ার কারণ হবে।
নেইমার যখন বার্সেলোনায় যায় আমি খুব একটা খুশি হতে পারিনি, কারণ এ ধরনের প্রতিভা ইউরোপে খেলতে চলে যাওয়া ব্রাজিলিয়ান ফুটবলের জন্য সুখকর কোনো বিষয় নয়। যদিও এটা বোধগম্য, নেইমার চাইছিল ইউরোপে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে। আমি এটা ভেবে খুশি হয়েছিলাম, ব্রাজিলে ও বাণিজ্যিক প্রচারণায় খুব বেশি জড়িয়ে গিয়েছিল, নতুন জায়গায় ফুটবলে মনোনিবেশ ওর মতো ২১ বছর বয়সী একজন ফুটবলারের জন্য আশীর্বাদ হতো। স্পেনে প্রথম মৌসুম নিঃসন্দেহে সহজ হতো না, কিন্তু বার্সেলোনায় ওর ভিন্ন জায়গায় খেলা নিয়ে আমি খুশি হতে পারিনি।
বার্সেলোনার নেইমারকে দলে নেওয়ার অন্যতম বড় কারণ ছিল বাঁ দিক দিয়ে তার আক্রমণ শাণানোর অবিশ্বাস্য ক্ষমতা। সে অসাধারণ এক খেলোয়াড়, কিন্তু তাই বলে সে তো যেকোনো পজিশনে খেলতে পারে না। যেকোনো পেশাদার খেলোয়াড় এটা জানেন, একজন খেলোয়াড় যে পজিশনে খুব ভালো খেলে তাকে সেখান থেকে সরানোর কোনো মানে নেই। আক্রমণভাগের বাঁ দিকে নেইমার সবচেয়ে ভালো খেলে। একান্ত নিরুপায় না হলে তাকে সেখান থেকে সরানোর কোনো কারণ দেখি না আমি।
গত বছর জুনে কনফেডারেশনস কাপের আগে ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচে আমরা দেখেছি নেইমারকে অন্য জায়গায় খেলানো কত বড় ভুল। ম্যাচের প্রথম দিকে হাল্ককে খেলানো হচ্ছিল বাঁ দিকে নেইমারের জায়গায়, অস্কার ছিল ডান দিকে আর নেইমার খেলছিল ফ্রেডের পেছনে। এই ফর্মেশনে ব্রাজিল ছিল নিষ্প্রভ। কিন্তু যখন সবাই তাদের ক্লাবের হয়ে যে পজিশনে খেলে সেখানে খেলা শুরু করল, ব্রাজিল ছন্দ ফিরে পেল। কিন্তু বার্সেলোনা নেইমারকে সেভাবে খেলায়নি, যেটা আমি মনে করি ওর খেলায় প্রভাব ফেলেছে।
অনেকেই আশঙ্কা করছিলেন বিশাল অঙ্কের ট্রান্সফার ফি নেইমারের পারফরম্যান্সে বিরূপ প্রভাব ফেলবে। আমি সেটা মনে করি না। সে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিল, সেটা খুব স্বাভাবিক৷ কারণ ইউরোপে তাকে প্রতিপক্ষের রক্ষণভাগ কড়া নজরদারিতে রেখেছিল, যেটা তাকে ব্রাজিলে খুব বেশি দেখতে হয়নি। তার দলবদল নিয়ে বিতর্ক নিয়ে জনসমক্ষে সে কিছু বলেনি। ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো নেইমার মৌসুমে এমন কোনো চোট পায়নি, যা তার বিশ্বকাপে আসায় বাধা হয়ে দাঁড়াত৷
এই মৌসুম নেইমারের জন্য একটা বড় সুযোগ ছিল নিজেকে আরও পরিণত করে তোলার। নিজের প্রথম বিশ্বকাপ খেলার আগে সে সুযোগ পেয়েছে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে বিশ্বের সেরা খেলোয়াড়দের মুখোমুখি হওয়ার। আমি যখন ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ খেলতে যাই, তখন আমার কোপা আমেরিকা খেলারও সুযোগ হয়নি।
নেইমারের কল্যাণে সেলেসাও সমর্থকেরা আবার আশায় বুক বাঁধছেন। স্কলারির ব্রাজিল এখন যে ফুটবল খেলছে তাতে তারা খুশি। সেলেসাওরা প্রতিপক্ষকে চাপের মুখে রাখে, আর নেইমারের মতো খেলোয়াড়দের জন্য সুযোগ সৃষ্টি করে।
আমার বিশেষভাবে মনে পড়ছে কনফেডারেশনস কাপের প্রথম ম্যাচের কথা। দুই ম্যাচে গোল না করায় তখন নেইমার চাপের মুখে ছিল, কিন্তু ম্যাচের তিন মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে তার নেওয়া বিদ্যুৎগতির শট খুঁজে নেয় প্রতিপক্ষের জাল। পেলে বা রিভেলিনোও এমন গোল করতে পারলে গর্ববোধ করতেন। স্পেনের সঙ্গে ফাইনালেও এ ঘটনার পুনরাবৃত্তি করে সে।
অনেকেই আমার কাছে জানতে চান ব্রাজিলের কি আরও বেশি নেইমারকেন্দ্রিক খেলা উচিত? আমি সেটা মনে করি না। সেলেসাওরা জমাট রক্ষণ নিয়ে খেলে, যেখানে আর্জেন্টিনার অতি-আক্রমণাত্মক মনোভাব প্রতিপক্ষের জন্য তাদের রক্ষণে ফাটল ধরাতে সহজ করে দেয়।
নেইমার জানে ব্রাজিলের কাছে বিশ্বকাপের গুরুত্ব কতখানি এবং আমি নিশ্চিত এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে সে মুখিয়ে আছে।