প্রত্যাশার চাপ নিয়ে ভাবছেন না ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ভারত, দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। শীর্ষ এ দুই দেশের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটানুরাগীরা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকলেও নিজেদের অতীত ইতিহাস নিয়েই কিছুটা চিন্তিত ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কখনোই খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি তারা। অন্য সব দেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেলেও এখনো অজেয় থেকে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ ইতিমধ্যেই মন্তব্য করেছেন, ভারত এখানে অনেক চাপে থাকবে। সিরিজ শুরুর আগেই দলের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র জহির খানের ইনজুরি কিছুটা বিপাকে ফেলে দিলেও প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বেশ হালকা মেজাজেই দেখা গেছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্মিথের মন্তব্য খুব বেশি আমলে না নিয়ে তিনি বলেছেন, ‘দেশে বা বাইরে যেখানেই খেলতে যাই না কেন, আমরা সব সময়ই একটা চাপে থাকি। কারণ, আমাদের ওপর প্রত্যাশাটা অনেক বেশি। কিন্তু এ মুহূর্তে সেসব নিয়ে না ভেবে আমরা আমাদের সামনের কাজগুলো নিয়েই ভাবতে চাই।’ব্যাট-বল হাতে মাঠে না নামলেও এবারের দক্ষিণ আফ্রিকা সফরে কোচ গ্যারি কারস্টেনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে ধারণা ধোনির। ভারতীয় ক্রিকেটের উন্নয়নে সাবেক এ দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের একটা বিশাল ভূমিকা আছে উল্লেখ করে ধোনি বলেছেন, ‘কারস্টেন এখানকার কন্ডিশন, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মন-মানসিকতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। এ সিরিজের ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা বিরাট সুবিধা।’ সিরিজ শুরুর আগে যে অল্প সময় ও সুযোগ-সুবিধা পাওয়া গেছে তাতে দলের প্রস্তুতিটা খুব একটা খারাপ হয়নি বলে মনে করেন ভারতীয় অধিনায়ক।প্রথম টেস্টের ভেন্যু সেঞ্চুরিয়ানের সবুজ উইকেট সম্পর্কে ধোনি বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে সবুজ উইকেটটা ছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানের উইকেটটি। সে তুলনায় এটা কিছুই না।’ এই উইকেটে টসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করছেন ধোনি। টসে জেতা দলের ম্যাচ জেতার সম্ভাবনাও শতকরা ৬০ ভাগ বলে মত দিয়েছেন তিনি।ভারতীয় ব্যাটিং লাইন-আপে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণের মতো বিশ্বমানের ব্যাটসম্যানরা থাকলেও বিধ্বংসী বীরেন্দর শেবাগই ধোনির প্রধান অস্ত্র হিসেবে কাজ করবেন বলে ধারণা করছেন অনেকে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকায় তাঁর ওপর প্রত্যাশাও অনেক। দক্ষিণ আফ্রিকাও স্বীকার করেছে যে তারা শেবাগ-বধের জন্য আলাদাভাবে কাজ করেছে। এ পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে শেবাগ চাপের মুখে পড়বেন কি না, এমন প্রশ্নের জবাবে ধোনি বলেছেন, ‘শেবাগ কখনোই কোনো চাপ নেয় না। সে তার স্বভাবসুলভ খেলাটাই খেলবে।’ টাইমস অব ইন্ডিয়া।