প্রত্যাশার চাপই বড় দলগুলোকে ডোবাচ্ছে: ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে বড় দলগুলোর বাজে পারফরম্যান্সের জন্য প্রত্যাশার চাপকেই দায়ী করেছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি মনে করেন, ‘বিশ্বকাপে ভালো করতে হবে, যেকোনো মূল্যে পরবর্তী রাউন্ডে যেতে হবে’—এমন মনোভাবের কারণেই বড় দলগুলোর খেলোয়াড়েরা নিজেদের সবটুকু সামর্থ্য মেলে ধরতে পারেন না। ওয়েঙ্গার এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে স্পেনের পরাজয় ও ইংল্যান্ডের জয় না পাওয়ার পেছনে এ ব্যাপারগুলোই মূল বলে মনে করেন।এবারের বিশ্বকাপে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, জার্মানির মতো দলগুলো এখনো পর্যন্ত নিজেদের মতো করে খেলতে পারেনি। আর্সেন ওয়েঙ্গারের অভিমত, বিশ্বকাপের শুরুতেই দলগুলো নিজেদের ওপর অনেক বেশি চাপ নিয়ে ফেলে। তিনি মনে করেন, এই দলগুলো প্রতিটিই দ্বিতীয় রাউন্ডে যাবে এবং তখনই তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলা শুরু করবে।গত ১৪ বছর ধরে ইংল্যান্ডে কাজ করা এ অভিজ্ঞ ফরাসি কোচ নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, বিশ্বকাপের শুরুর দিকে বড় দলগুলো ‘অতিরিক্ত সতর্ক’ হয়ে খেলা শুরু করে। দেশেও সমর্থকেরা অতিরিক্ত আবেগী থাকে নিজেদের দেশের ফলাফল নিয়ে, সে কারণে মানসিক চাপের কারণেই দলগুলো নিজেদের সর্বোচ্চ প্রতিভা প্রদর্শন করতে পারে না।বিশ্বকাপে অপেক্ষাকৃত নিচু সারির দলগুলোর ভালো করার কারণ হিসেবে তাদের প্রতি দেশবাসীর পাহাড়সম প্রত্যাশা না থাকা এবং এ পর্যায়ে নিজেদের মেলে ধরার ইচ্ছাকেই চিহ্নিত করেছেন আর্সেন ওয়েঙ্গার। তিনি মনে করেন, অপেক্ষাকৃত নিচু সারির দলগুলো যখন বিশ্বকাপে খেলতে আসে তখন তাদের হারানোর কিছু থাকে না। তারা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েই বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করার চেষ্টায় থাকে। সে জন্য তাদের পারফরম্যান্স ভালো হয়। তবে বিশ্বকাপে সত্যিকারের কোনো নিচু সারির দল নেই বলে মনে করেন ওয়েঙ্গার। ‘বিশ্বকাপে এমন কোনো দল খেলতে আসে না, যাদের ইংল্যান্ড কিংবা জার্মানির মতো দলগুলো “১০-০” ব্যবধানে হারাতে পারে। বিশ্বের সবচেয়ে সেরা ৩২টি দলই কিন্তু বিশ্বকাপে খেলতে এসেছে।’আর্সেন ওয়েঙ্গার আরও জানিয়েছেন, যত দিন যাচ্ছে সমর্থকদের প্রত্যাশা, পেশাদারিত্বের চাপে খেলাটা আর খেলার পর্যায়ে নেই। বিশ্বকাপে ইংল্যান্ড এখনো কোনো জয় পায়নি। ফ্রান্সের বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত। দুটো দলই আর্সেন ওয়েঙ্গারের হূদয়ের অনেক কাছের দল হিসেবে পরিচিত। পেশাসূত্রে তিনি ইংল্যান্ডের অধিবাসী, ইংল্যান্ডের সেরা খেলোয়াড়দের নিয়ে তিনি কাজ করে চলেছেন বিরামহীনভাবে গত ১৪ বছর ধরে। ফ্রান্স তো তাঁরই মাতৃভূমি। বিশ্বকাপে এ দুটো দলের ব্যর্থতাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন আপদমস্তক পেশাদার এই কোচ। ইংল্যান্ডের ব্যর্থতা নিয়ে ওয়েঙ্গারের অভিমত, ‘ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের বিশাল প্রত্যাশা নিয়ে দক্ষিণ আফ্রিকায় এসেছে। ব্যাপাটি বেশ কঠিনই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা মামার বাড়ির আবদার নয়। এখানে আপনাকে বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলতে হবে। ইংল্যান্ডে সবাই মনে করে, তাদের দল কখনই হারতে পারে না। সমর্থকদের এ মনোভাবই ইংলিশ খেলোয়াড়দের ওপর চাপ এনে দিয়েছে। এ চাপই প্রথম দুই ম্যাচে দলটিকে ডুবিয়েছে।’ফ্রান্স সম্পর্কে ওয়েঙ্গার বলেছেন, ‘এ দলটি যে বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে না, তা আমি আগেই বলেছি। ফ্রান্স এমন একটি দল যারা জিততে পারে না। জিততে না পারলে আপনি সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে কীভাবে? বিশ্বকাপ শুরুর আগে চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পরাজয় ফ্রান্সের আত্মবিশ্বাসকে অনেকটাই নিচে নামিয়ে দিয়েছিল।’ফ্রান্সের আত্মবিশ্বাস কতটা নিচে তার একটি প্রামাণ্য প্রমাণও দিয়েছেন ওয়েঙ্গার। তিনি বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়ার পরও খেলায় ফেরার লক্ষ্যে ফ্রান্সের কোনো জোরালো আক্রমণ আমি দেখিনি। বরং মেক্সিকো এগিয়ে গিয়ে যেন ফ্রান্সের সীমানায় আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছিল। ফ্রান্স আক্রমণে যেতেই কেন যেন দ্বিধান্বিত হয়ে পড়ছিল।’