প্রত্যাশার চেয়েও 'বড় জয়'!

বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে কখনোই কোনো শঙ্কা ছিল না। তার পরও কাল সকালে বিমানবন্দরে ‘টেস্ট মর্যাদা রক্ষা’র জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসানকে অভিনন্দন জানানো ব্যানার দেখা গেল। ছিলেন ফুল হাতে বিভিন্ন ক্লাবের অতি উৎসাহী সংগঠক ও ভাড়া করে আনা লোকজন, যাঁরা বিমানবন্দরে যাওয়ার কারণটা পর্যন্ত না জেনে ‘শুভেচ্ছা-স্বাগতম’ মিছিল করেছেন। ছিল ব্যান্ড বাদক দল আর বিসিবি কর্মকর্তারাও।
মরু শহর দুবাইয়ে আইসিসির সভা শেষ করে কাল ঢাকা ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাঁর ফেরার ‘ঐতিহাসিক’ মুহূর্তটিকে খবরের কাগজের পাতায় আর টেলিভিশনের পর্দায় তুলে ধরতে সকাল সকালই বিমানবন্দরে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছিল বিসিবির মিডিয়া কমিটি। কিন্তু ঢাকায় পা দিয়ে নাজমুল হাসান বললেন, আইসিসির সভার সারবত্তা নিয়ে আগে কথা বলবেন বোর্ড পরিচালকদের সঙ্গে, তারপর সংবাদমাধ্যমে।
হলোও সেটাই। সাংবাদিকেরা শুধু ঢাকঢোলের শব্দ শুনেই ফিরে এলেন বিমানবন্দর থেকে। সংবাদ সম্মেলন হলো দুপুরে, শেরেবাংলা স্টেডিয়ামে। আর সেই সংবাদ সম্মেলনের সারমর্ম, ‘বিগ থ্রি’র প্রস্তাবে এখন আর দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট নেই। বরং এতে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ বাড়বে। বাড়বে বিসিবির আয়ও। ‘সম্ভবত চার দেশ (বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা) একসঙ্গে হয়ে যাওয়াতেই দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের আলোচনা সভায় ওঠেনি। তবে ‘৮ ফেব্রুয়ারি আরেকটি সভায় প্রস্তাবের পরিবর্তিত খসড়া নিয়ে আলোচনা হবে’—বলেছেন বিসিবি সভাপতি। এও জানিয়েছেন, বিভিন্ন বোর্ডের দেওয়া ভিন্ন ভিন্ন প্রস্তাব সন্নিবেশ করেই তৈরি হয়েছে পরিবর্তিত খসড়া।
নাজমুল হাসানের দাবি, পরিবর্তিত প্রস্তাব অনুমোদন হলে বাংলাদেশই লাভবান হবে বেশি, ‘আমরা ১৪ বছরেও ভারত সফর করিনি। আমরা এখন সেখানেও টেস্ট খেলতে যাব এবং তারাও আমাদের দেশে আসবে। আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় যাব। তারাও আসবে বাংলাদেশ সফরে।’ নাজমুল নিশ্চিত করেছেন, ২০২০ সাল পর্যন্ত বর্তমান এফটিপিতে বাংলাদেশের যে কয়টি টেস্ট খেলার কথা, তার থেকে একটি টেস্টও কমবে না, ‘কমার কোনো সুযোগই নেই, বরং বাড়বে। যারা আমাদের সঙ্গে নিয়মিত টেস্ট খেলতে চায় না, তারাও এখন বাংলাদেশের ব্যাপারে আগ্রহী। আগামী দুই বছরের মধ্যে আমরা সব দেশের সঙ্গে খেলব। আমি এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি।’
বর্তমান এফটিপি ভঙ্গ করে কোনো দল কোনো দেশ সফরে না গেলেও স্বাগতিক বোর্ডের আইনি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে না। কিন্তু নাজমুল হাসান জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারির আইসিসির সভায় এমপিএ (মেম্বার্স পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) নামক চুক্তিটি স্বাক্ষর হয়ে গেলে এফটিপির আইনি ভিত্তি তৈরি হবে। তখন সব দলই চুক্তি অনুযায়ী সব সফর করতে বাধ্য থাকবে। পরিবর্তিত প্রস্তাবে সব বোর্ডের আয় আগের চেয়ে দ্বিগুণেরও বেশি হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গেও নাকি কথা বলে এসেছেন বোর্ড সভাপতি।
‘বিগ থ্রি’র প্রস্তাব মানলে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট ক্রিকেট থেকে কখনোই অবনমিত হতো না। কিন্তু এখন সে সম্ভাবনা আর নেই বলে জানিয়েছেন নাজমুল। প্রস্তাবে রাজি না হলে ভারত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আসবে না বলে যে খবর বেরিয়েছে, সেটি উড়িয়ে দিয়ে উল্টো বলেছেন, ‘এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে একমাত্র ভারতই আমাদের সমর্থন দিয়েছে। তাদের সমর্থন ছাড়া এ দুটি টুর্নামেন্ট বাংলাদেশে করা সম্ভব হতো না।’
আইসিসির সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তি আকারে দেওয়া ‘নির্দেশনা সূচক নীতিমালা’ সব দেশের সম্মতিতেই হয়েছে বলে দাবি নাজমুল হাসানের। তাঁর কথা শুনে মনে হলো, আইসিসির সদস্যদেশগুলোর মধ্যে বিভেদের চিহ্ন মাত্র নেই। তবে কালকের সংবাদ সম্মেলনটি স্পষ্ট করে তুলল বিসিবির পরিচালনা পর্ষদের দ্বিধাবিভক্তি। গত ২৩ জানুয়ারির বোর্ডসভায় শেষে জানা গিয়েছিল, ‘বিগ থ্রি’র প্রস্তাবের পক্ষে হাত তুলেছেন বিসিবির ২০ পরিচালক, আর বিপক্ষে ছিলেন তিনজন। খোদ বোর্ড কর্মকর্তারাই সেদিন এ কথা বললেও কাল সে রকম কিছু হয়নি বলে দাবি করলেন নাজমুল ও তাঁর সহকর্মীরা। একপর্যায়ে সভাপতি পাল্টা প্রশ্ন করলেন, ‘কোথায় তারা...? কে?’
না, তাঁদের কেউই কালকের সংবাদ সম্মেলনে ছিলেন না। তবে ছিলেন অন্য কয়েকজন পরিচালক, যাঁরা সংবাদ সম্মেলনের শিষ্টাচার ভঙ্গ করে সভাপতির কথায় একবার হাততালিও দিয়ে উঠলেন। একজন তো বোর্ড সভাপতির কথার মাঝখানেই পেছন থেকে সংবাদ সম্মেলনে অনুপস্থিত আরেক বোর্ড সদস্যকে উদ্দেশ করে ফোড়ন কাটলেন, ‘এখন থেকে আমরা পাঞ্জাবি পরে আসব...তাহলে সবাই আমাদের কথা বিশ্বাস করবে।’ হাততালি, ফোড়ন কাটা—ওটা সংবাদ সম্মেলনকক্ষই ছিল, নাকি সিনেমা হল!
আইসিসি একই সুতোয় গাঁথা দাবি করা নাজমুল কি পারবেন নিজের বোর্ডকে একই ছাতার নিচে রাখতে?