প্রত্যয়ী নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন ভাবেই নাসিরকে দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা
এমন ভাবেই নাসিরকে দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা

জাতীয় দলের ক্রিকেট দলের অন্যতম ভরসার প্রতীক নাসির হোসেন। অভিষেকের পর থেকে নিজের নৈপুণ্য দিয়েই তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিজের এই পরিচয়। টানা আড়াই বছর দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সাফল্য তাঁকে পরিণত করেছে দেশের অন্যতম সেলিব্রেটি ক্রিকেট তারকায়। কিন্তু সম্প্রতি মুদ্রার অন্যদিকটা দেখছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন যেন ঠিক নিজের খেলাটা দেখাতে পারেননি। কিন্তু তিনি এখন প্রত্যয়ী, যেকোনো মূল্যেই ফিরতে চান আগের ফর্মে। তাঁর মনোযোগ পুরোপুরিই এখন চলমান জাতীয় ক্রিকেট লিগে।
জাতীয় লিগের নিজের সর্বশেষ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। সিলেট-রংপুর ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রানের জন্য ফিফটি পাননি। এলবিডব্লিউ হয়ে ফিরেছেন রাজিন সালেহর বলে। ৫৩ বলে ৪৭ রানের ইনিংসটি যেন তাঁর প্রত্যয় আরও বাড়িয়েছে। ভেতরে জ্বালিয়েছে আগুন। আজ প্রথম আলোর সঙ্গে আলাপকালে সেই প্রত্যয়, সেই জেদই যেন ঝরে পড়ল নাসিরের কণ্ঠে, ‘আমি যেকোনো মূল্যে ফর্মে ফিরতে চাই। মনোযোগ পুরোপুরিই ঢেলে দিয়েছি জাতীয় লিগের দিকে। সত্যি কথা বলতে কি, লিগে পারফরম না করে একেবারেই স্বস্তি পাচ্ছি না।’
প্রথমে ক্রিকেট নিয়ে কোনো কথাই বলতে চাননি তিনি, ‘কী বলব, ফর্মে নেই। আসলে নিজেকে ফিরে না পাওয়া পর্যন্ত কথা বলেও লাভ নেই।’
নাসিরের যন্ত্রণাটা বোঝা গেল। বাংলাদেশের ক্রিকেটে ২০১০ সালে এক ‘উপহার’ হয়েই যেন আবির্ভূত হয়েছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। দারুণ ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে ডান হাতি অফব্রেকটাও ভালো করেন। ডেভ হোয়াটমোরের ‘ইউটিলিটি ক্রিকেটার’ ধারণার একেবারে সার্থক রূপ ছিলেন তিনি। আস্তে আস্তে ব্যাটসম্যান পরিচয়ে ছাপিয়ে গেলেন অনেককেই। পরিণত হলেন দলের মিডল অর্ডারের ভরসার স্থলে। তাঁর রেকর্ডই তাঁর পক্ষে কথা বলে। টেস্টে চল্লিশের ওপর গড়। ওয়ানডেতে গড়টা ওই চল্লিশ ছুঁই ছুঁই। প্রথম শ্রেণীর ক্রিকেটেও তিনি একজন প্রমাণিত ক্রিকেটার। সেঞ্চুরি আছে তাঁর টেস্ট-ওয়ানডে দুই ফরম্যাটেই। সেই নাসির যখন ফর্ম হারিয়ে নিজেকে খুঁজতে থাকেন, তখন আসলে কায়মনোবাক্যে তাঁর জন্য প্রার্থনা না করে উপায় নেই।

ফিরে আসুন নাসির, শুভ কামনা থাকছেই।