প্রত্যয়ী বাংলাদেশ, সাবধানী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোর্ড সভাপতির কক্ষ থেকে বেরিয়ে আগের দিন খুব বেশি কিছু বলতে পারেননি। আকস্মিক অধিনায়কত্ব পাওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই মিডিয়ার মুখোমুখি—সাকিব আল হাসানের বাকহারা হয়ে যাওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু কাল সিরিজের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতেও যখন প্রসঙ্গটা উঠল, সাকিব সেটি এড়িয়েই যেতে চাইলেন। ‘অধিনায়কত্ব নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। পরশু (কাল) ম্যাচ, ম্যাচ নিয়েই কথা বলি’ বলে ‘অপ্রিয়’ বিষয়টা এড়িয়েই যেতে চাইলেন তিনি।অধিনায়কত্ব পাওয়াটা যেখানে হতে পারে মিষ্টি খাওয়ানোর উপলক্ষ, সেখানে ক্রিকেট ইতিহাসে সম্ভবত এই প্রথম কাউকে জোর করে দেওয়া হলো নেতৃত্বভার। অনুরোধে গেলা ‘ঢেঁকি’টা হজম করতে একটু তো সময় লাগবেই। তবে একই ঘটনা বারবার ঘটছে বলে এ জাতীয় ‘খাদ্যে’ সাকিবের হজমশক্তি এখন বেশ ভালো। ভেতরে যতই আন্দোলন হোক, অধিনায়কের চেয়ারে বসেই ওড়াতে শুরু করে দিয়েছেন দলের পতাকা। ম্যাচ ধরে ধরে এগোনোর কথা বলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজের লক্ষ্য সুনির্দিষ্ট করে না জানালেও অনুচ্চারে সিরিজ জয়ের স্বপ্নই দেখাচ্ছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার পর এখানে প্রত্যাশার চাপ একটু বেশি। তবে সেরা ক্রিকেট খেলতে পারলে ওদের বিপক্ষে ভালো ফলাফল সম্ভব। ব্যবধান কত হবে, সেটা বলা কঠিন হলেও ছোট ছোট ভুলগুলো সংশোধন করতে পারলে আমরা ভালোভাবেই ম্যাচ জিতব।’সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলন সাধারণত ম্যাচের আগের দিন হয়। সেই দিনটিতে পড়ল হরতাল, তাই হয়তো ঝুঁকি এড়াতেই সেটা সেরে ফেলা হলো এক দিন আগে। সাকিবের একটু আগেই সংবাদ সম্মেলনকক্ষে চলে আসা কোচ জেমি সিডন্স সাংবাদিকদের কাছে বিকেএসপিতে জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচের সর্বশেষ খবর নিচ্ছিলেন। ২০০৯-এর জানুয়ারি থেকে এই সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশের খেলা ৪২টি ওয়ানডের এক-তৃতীয়াংশই (১৪টি) জিম্বাবুয়ের বিপক্ষে। অনেক চেনা এই প্রতিপক্ষ কাগজে-কলমে এবং সাম্প্রতিক ফলাফলে যতই বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকুক, সিডন্স ঝুঁকিটা জানেন। বড় দলগুলোর বিপক্ষে জয়টা এখনো বোনাস হলেও জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় কাঠগড়ায় দাঁড়ানোর মতো অপরাধ।বাংলাদেশ কোচও তাই দলের কাছ থেকে সেরা খেলাটাই দাবি করছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে রকম ভালো ক্রিকেট খেলেছি, তেমন খেলতে পারলে সিরিজ আমাদেরই জেতা উচিত। তবে জিম্বাবুয়েও ভালো খেলার লক্ষ্য নিয়ে এখানে এসেছে। আমাদের সেরা খেলাই খেলতে হবে।’ সেই সেরা খেলার শর্ত অতীতের ভুল সংশোধন, ‘পাওয়ার প্লের ব্যাটিং-বোলিং দুটোতেই উন্নতি করতে হবে।্রসব খেলোয়াড়ের কাছেই বাড়তি কিছু চাই। ব্যাটসম্যানদের কাছে চাই আরও বেশি রান। আগের সিরিজটা সাকিব অসাধারণ খেলেছে। বলতে পারেন, ওয়ান ম্যান শো ছিল ওটা। এবার অন্য কেউও এমন খেলুক। সে সঙ্গে সাকিবকেও আরেক ধাপ এগিয়ে যেতে হবে।’সরল হিসাবে বাংলাদেশের পারফরম্যান্সও আরেক ধাপ এগিয়ে যাওয়া উচিত। মাশরাফি-আশরাফুল-তামিম ফেরায় এটাই বাংলাদেশের সম্ভাব্য সেরা দল। যদিও এ ব্যাপারে কোচ-অধিনায়কের দর্শন দুই রকম। সিডন্স যেখানে বলছেন, ‘আমি মনে করি, মাশরাফি-তামিমের মতো খেলোয়াড়দের ফেরা দলকে শক্তিশালী করবে। আশরাফুলও ভালো পারফর্ম করে দলে ফিরেছে’, সাকিব বললেন, ‘আমার কাছে যখন যে দলটা খেলে, সেটাই সেরা। আমি কখনোই মনে করি না যে, এ থাকলে ভালো হতো বা ও থাকলে ভালো হতো। যে যখন খেলে, সে-ই আমার জন্য ভালো।’সিডন্স এই ‘ভালো’র মধ্যেও একটা চ্যালেঞ্জ দেখছেন, ‘রকিবুলকে নিয়ে একটু দুশ্চিন্তা আছে। কোন বলটা খেলবে কোনটা ছাড়বে, সেটা তাকে বুঝতে হবে। আসলে আশরাফুল-রকিবুল দুজনেই আসা-যাওয়ার মধ্যে থাকায় চার নম্বর জায়গা নিয়েই বেশি সমস্যা। তিন-চার নম্বরে যেই খেলুক, তাকে আরও নির্ভরযোগ্য হয়ে উঠতে হবে।’ এই সিরিজেই সেটি হয়ে যাবে বলে আশাবাদী সাকিব। আশাবাদের কারণ, দলে জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা।বাংলাদেশ দলের জন্য জিম্বাবুয়ে তাহলে এবার একটা গিনিপিগও? সিরিজ জয়ের লক্ষ্যের সঙ্গে দল নিয়ে টুকটাক গবেষণা করে নেওয়ারও সুযোগ! না, এলটন চিগুম্বুরার দলকে অতটা হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘জিম্বাবুয়ে এখন ভালো ক্রিকেট খেলছে। দলে বেশ কিছু পুরোনো খেলোয়াড় ফিরে আসায় ওদের আত্মবিশ্বাস বেড়েছে। ঢাকায় আসার পর ওদের কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে। আমাদের কাজটা মোটেও সহজ হবে না।’অধিনায়কের বলা কথাটা দলীয় বিশ্বাস বলেই হয়তো প্রতিপক্ষের কাউকে নিয়েই আলাদা করে ভাবছে না বাংলাদেশ। ‘টার্গেট গোটা জিম্বাবুয়ে দলই’—সংবাদ সম্মেলন থেকে ওঠার আগে বলে গেলেন সাকিব।