প্রত্যয়ের জয়ে কোয়ার্টারে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় ভিন্ন অন্যকিছু ভাবার অবকাশ ছিল না ব্রাজিলের সামনে। ম্যাচটি এক-অর্থে অগ্নিপরীক্ষাই ছিল হ্যাটট্রিক কোপা জয়ের স্বপ্ন দেখা সেলেকাওদের জন্য। সেই অগ্নিপরীক্ষায় বেশ ভালোভাবেই উৎরে গেল তাঁরা। ব্রাজিলের চমৎকার নৈপুণ্যের সামনে ৪-২ গোলে উড়ে গেল ক্ষণিকের প্রতিরোধ গড়া ইকুয়েডর। সব শঙ্কাকে পেছনে ফেলে ফেবারিট ব্রাজিল শেষ পর্যন্ত স্থান করে নিল কোপা আমেরিকা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।নেইমার আর পাতো কাল ব্রাজিলের জয়ের দুই নায়ক। এঁদের দুজনের দুই জোড়া গোলই ব্রাজিলের জয়ের মূল অনুষঙ্গ। ম্যাচের স্কোরলাইন কিছুটা একপেশে মনে হলেও ইকুয়েডর কিন্তু প্রতিরোধটা ভালোই গড়ে তুলেছিল। ফেলিপে ক্যাইসিডো ব্রাজিলকে কাঁপিয়ে দিয়েছিলেন তাঁর দুই জোড়া গোলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত নেইমার আর পাতোর ঝলকে ইকুয়েডরকে ফুটবলটা বেশ ভালোভাবেই শিখিয়েছেন ব্রাজিলীয় ফুটবলাররা।কোচ মানো মেনেজেস কাল ব্রাজিলীয় একাদশে কিছুটা পরিবর্তন এনেছিলেন। মাইকন প্রথম থেকেই খেলার সুযোগ পেয়েছিলেন, দানি আলভেসের জায়গায়। রবিনহোও ফিরেছিলেন প্রথম একাদশে। দানি আলভেসের জায়গায় মাইকন নিজেকে বেশ উজ্জ্বলরূপেই প্রমাণ করেছেন। দলের অনেক আক্রমণের উৎস ছিলেন ইন্টার মিলানের এই প্লে-মেকার।ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ-প্রান্ত থেকে আন্দ্রে সান্তোসের চমৎকার এক ক্রসকে গোলে পরিণত করেন পাতো। তবে সেই গোল খুব তাড়াতাড়িই শোধ করে দেয় ইকুয়েডর। গোলটির জন্য গোলরক্ষক হুলিও সিজারকে অনেকাংশে দায়ী করতে পারেন ব্রাজিল সমর্থকেরা। একটি কাউন্টার অ্যাটাক থেকে ক্যাইসিডোর একটি শট সিজারের হাত ফস্কে গোলে ঢুকে যায়। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতায়।দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় ব্রাজিল নেইমারের গোলে এগিয়ে যায়। এই গোলেও ছিল পাতোর অবদান। ম্যাচের ৫৮ মিনিটে খেলাটি আবার ২-২ সমতায় চলে যায় সেই ক্যাইসিডোর কল্যাণে। ২-২ সমতা হয়ে যাওয়ার দুই মিনিটের মাথাতেই ব্রাজিল আবার ৩-২ গোলে এগিয়ে যায়। এবার গোল করেন পাতো। ৭০ মিনিটে নেইমারের আরও একটি গোল ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দেয়। মাইকন ও রবিনহোর যুগলবন্দী নেইমারের জন্য তৈরি করে দেয় নিজের দ্বিতীয় গোলের সুযোগ। শেষ পর্যন্ত চমৎকার একটি জয়ই কেবল নয়, নিষ্প্রভ খেলোয়াড়দের ফর্মে ফেরাও ব্রাজিলের প্রাপ্তি হয়ে রইল এই ম্যাচে। রয়টার্স।