প্রথম অধিনায়কের আরেকটি ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদের হাত থেকে আজীবন সম্মাননা পুরস্কার নিচ্ছেন শামীম কবির (মাঝে) l প্রথম আলো
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদের হাত থেকে আজীবন সম্মাননা পুরস্কার নিচ্ছেন শামীম কবির (মাঝে) l প্রথম আলো

ষষ্ঠ শ্রেণিতে পড়েন। একদিন স্কুলের ক্রীড়াশিক্ষক এসে বললেন, ‘ওপেনিং ব্যাটসম্যান শাহজাহান আসেনি। কাল তোমাকে খেলতে হবে।’ স্যারের কথায় রাজি হয়ে গিয়েছিলেন শামীম কবির।
সেটাই ছিল শুরু। এরপর তো তিনি বাংলাদেশের ক্রিকেটের ভিত্তিপ্রস্তর স্থাপনকারীদেরই একজন হয়ে গেলেন! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক সেই শামীম কবিরের হাতে কাল তুলে দেওয়া হলো এবারের গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আজীবন সম্মাননা ট্রফি। সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘খুব ভালো লাগছে। এটা খুশির দিন। ভালো অনুষ্ঠান হয়েছে। এ রকম অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ।’
১৯৬০-৭০-এর দশকেও ক্রিকেটের সংস্কৃতিটা চালু ছিল পূর্ব পাকিস্তানে। সেখান থেকে উঠে এসে শামীম কবির আলাদাভাবে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন ১৯৭৭ সালে। ইংল্যান্ডের এমসিসি দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে এল। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সেই ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। আর তাতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করে শামীম কবির হয়ে যান বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক।
শামীম কবির নামে পরিচিতি পেলেও তাঁর আসল নাম আনোয়ারুল কবির। জন্ম ১৯৪৫ সালে, নরসিংদীর বনেদি জমিদার পরিবারে। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। খেলেছেন ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি (৬৪) ১৯৬৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএর বিপক্ষে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে শামীম কবিরের সর্বোচ্চ ইনিংস ৮৯ রানের। পূর্ব পাকিস্তান সবুজ দলের হয়ে সেটা খেলেছিলেন পূর্ব পাকিস্তান রেলওয়ের বিপক্ষে। ঢাকার ক্লাব ক্রিকেটে ঠিকানা ছিল আজাদ বয়েজ ক্লাব। শুধু খেলোয়াড় হিসেবেই তাঁর ক্রিকেট জীবন শেষ নয়। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও।
শুরুটা অনেক সংগ্রামের মধ্য দিয়ে হলেও ক্রিকেট নিয়ে শামীম কবিরের চোখে বড় কিছুর স্বপ্ন ছিল প্রথম থেকে, ‘আমি সব সময় আশাবাদী ছিলাম। বাংলাদেশের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতাম। বিশেষ করে এই জন্য যে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের সম্ভাবনার খেলা নয়। ফুটবল, হকিতে শারীরিক কারণে আমাদের সমস্যা হয়। ক্রিকেটে ওটা কোনো বিষয় নয়। এটা ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভর করে।’
একসময় ক্রিকেটের বাইরে অন্য খেলাও খেলতেন। কিন্তু মন থেকে ভালোবাসাটা ছিল ক্রিকেটের প্রতিই। খেলে পাওয়া সব পুরস্কারও ক্রিকেট থেকেই। জীবনের প্রথম পুরস্কারের কথা তুলতেই বললেন, ‘অনেক আগের কথা তো...মনে নেই। তবে স্কুলজীবন থেকেই পুরস্কার পেয়ে আসছি। অন্য খেলা খেলতাম, কিন্তু প্রাইজ সবই ক্রিকেটের।’
শামীম কবিরের পুরস্কারের শোকেসে কাল যোগ হলো আরও একটি ট্রফি—গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার।