প্রথম আলোর চোখে সেরা ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিফেন্ডার
ডিফেন্ডার

ডিফেন্ডার
তাঁরা ‘আনসাং হিরো’। কাজটা ঠিকঠাকমতো করলেও বেশি প্রশংসা জুটবে না। কিন্তু পান থেকে চুন খুসলেই খুন! তার পরও ডিফেন্ডার হয়ে বিশ্বকাপের আলো যে চুরি করে নেওয়া যায়, সেটি তো ২০০৬ বিশ্বকাপেই দেখিয়েছেন ফ্যাবিও ক্যানাভারো। এবারও আলো ছড়াতে পারেন থিয়াগো সিলভা, ফিলিপ লাম, সার্জিও রামোস, জর্জো কিয়েলিনি ও ভিনসেন্ট কোম্পানি। এই পাঁচজনের তিনজনই ইউরোপের শীর্ষ তিন ক্লাবের অধিনায়ক। বাকি দুজনের মধ্যে একজন রামোস মৌসুমের ভাগ্যনির্ধারণী সব ম্যাচে একদম ঠিক সময়ে গোল করে আলো ছড়িয়েছেন। আর ব্লুমবার্গের তালিকায় গত বছর বিশ্বের সপ্তম সেরা ডিফেন্ডার নির্বাচিত হওয়া কিয়েলিনি গতবার উয়েফার বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া একমাত্র ইতালিয়ানও।

গোলরক্ষক
গোলরক্ষক

গোলরক্ষক
খেলাটা গোলের। দাবার আসল দুই ঘুঁটি যেমন রাজা ও মন্ত্রী, ফুটবলেরও আসল দুই জায়গা ফরোয়ার্ড ও গোলরক্ষক। ফরোয়ার্ডদের যেমন সুযোগ গোল করে নায়ক বনে যাওয়ার, গোলরক্ষকেরাও সমর্থকদের হূদয়ে মহানায়কের আসন পেতে পারেন দুর্দান্ত সেভ করে। থিবো কোর্তোয়া যেমন। গত মৌসুমে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন, মরিনহোর হূদয়ে শূলও বিঁধিয়েছেন। এবারের বিশ্বকাপে খেললেই রেকর্ড হয়ে যাবে জিয়ানলুইজি বুফনের, পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব যে আছে মাত্র দুজনের। ‘সন্ত’ ইকার ক্যাসিয়াসের ওপর আস্থা হারায়নি স্পেন। ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে দুটো বিশ্বকাপ জয়ের হাতছানি তাঁর সামনে। গত বিশ্বকাপে দেওয়া প্রতিশ্রুতি জার্মানি পূরণ করতে পারবে কি না, সেটি অনেকটাই নির্ভর করছে ম্যানুয়েল নয়্যারের ওপর। আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফার্নান্দো মুসলেরায় সওয়ার হয়ে পঞ্চাশের পুনরাবৃত্তির স্বপ্ন দেখতে পারে উরুগুয়ে।

ফরোয়ার্ড
ফরোয়ার্ড

ফরোয়ার্ড
ফ্যালকাওয়ের বাবা ছেলেকে উদ্দেশ করে বলেছিলেন, ‘বাবা, ফুটবলার হলে স্ট্রাইকারই হবি। ফুটবলে সব টাকা স্ট্রাইকারদের জন্যই।’ টাকার অঙ্কে হয়তো এখনকার যুগে কিছুটা পরিবর্তন এসেছে। কিছুটা। তবে আলো যে স্ট্রাইকারদেরই ওপর থাকে, তাতে কোনো সন্দেহ নেই। ব্রাজিল বিশ্বকাপে ত্রয়ীর ওপরই বেশি করে চোখ—লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মারিও বালোতেল্লি ও লুইস সুয়ারেজকেও রাখতে হবে সেরা পাঁচে। রোনালদো আর সুয়ারেজ তো জীবনেরই সেরা ফর্মে আছেন। ক্লাবের দুঃসময়ের আঁচড় জাতীয় দলে যে পড়তে দেবেন না, সেটা প্রস্তুতি ম্যাচে বুঝিয়ে দিয়েছেন নেইমার। মেসিও প্রস্তুত দুঃসময়ের খ্যাপা ষাঁড়টাকে বশ মানাতে। বালোতেল্লি নামটায় অনেকে ভ্রু কোঁচকাতে পারেন। তাঁদের জন্য গত ইউরোটা একবার রিওয়াইন্ড করে দেখার বিনীত পরামর্শ রইল।

মিডফিল্ডার
মিডফিল্ডার

মিডফিল্ডার
মিডফিল্ডারদের তুলনা করা যায় অপেরা দলের কনডাকটরদের সঙ্গে। একটা দলের ফুসফুস আর হূৎপিণ্ড—দুটোই আসলে মাঝমাঠ। মিডফিল্ডাররাই দলের প্রাণভোমরা। মাঝমাঠের এক শিল্পীই গতবার স্পেনকে এনে দিয়েছেন বিশ্বকাপ। এবারও আন্দ্রেস ইনিয়েস্তার দিকে চোখ থাকবে। জাভির বয়স আর পড়তি ফর্মের কারণে বার্সেলোনার ভার অনেকটা একাই বয়েছেন। আছেন বয়সকে বুড়ো আঙুল দেখানো আন্দ্রেয়া পিরলো, জুভেন্টাসে গিয়ে শুধু নিজেকে নতুনভাবে আবিষ্কারই করেনি, ‘আর্কিটেক্ট’ পিরলো পেয়েছেন দুটো নতুন নামও—দ্য প্রফেসর ও মোজার্ট! ইংল্যান্ড দলের মূল স্তম্ভ হয়ে থাকবেন স্টিভেন জেরার্ড। রিয়ালের ‘লা ডেসিমা’ জয়ের নেপথ্য নায়ক অ্যাঙ্গেল ডি মারিয়ার ফুসফুসের জোর জাতীয় দলের জার্সি গায়েও চাইবে আর্জেন্টিনা। বায়ার্ন তারকা আরিয়েন রোবেনও আলো ছড়াবেন, শর্ত একটাই, মেজাজ বিগড়ে না গেলেই হয়!
গ্রাফিক্স: মনিরুল ইসলাম